শ্যাম রাখি না কুল রাখি...! ডিএমকে নেতার ‘হিন্দু ধর্ম নির্মূল’ মন্তব্য নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস
তামিলনাড়ুর ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের 'হিন্দু ধর্ম নির্মূল' মন্তব্য নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি তিনি সনাতন ধর্ম নির্মূল করার কথা বলেছিলেন। আর তাঁর সেই কথায় অস্বস্তিতে পড়েছে জোট শরিক কংগ্রেসও। এই ইস্যুতে দ্বিধাবিভক্ত কংগ্রেস নেতৃত্ব।
উদয়নিধি স্টালিনের 'সনাতন ধর্ম নির্মূল করুন' মন্তব্যের সমালোচনায় বিজেপি নিশানা করেছিল ইন্ডিয়া জোটকে। ইন্ডিয়া জোটের গুরুত্বপূ্ণ সদস্য এমকে স্ট্যালিনের ডিএমকে। ২০২৩-এর রাজ্য বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুতে ফায়দা তুলতে চাইছে বিজেপি।

বিজেপি উদয়নিধি স্টালিনের 'সনাতন ধর্ম নির্মূল' মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের অবস্থান জানতে চেয়েছে। তামিলনাড়ুর রাজনীতিবিদকে কি এই ইস্যুতে সমর্থন করছে কংগ্রেস নাকি তাঁর মন্তব্য প্রত্যাখ্যান করছে, তা নিশ্চিত করুক সর্বাগ্রে। আর েই ইস্যুতে কংগ্রেস যে দ্বিধাবিভক্ত তা বলার অপেক্ষা রাখে না।
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, সমস্ত ধর্মকে সম্মান করার কথা বলে কংগ্রেস। সেইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, প্রতিটি রাজনৈতিক দলের তাদের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর কংগ্রেস সকলের বিশ্বাসকে সম্মান করে। তাঁর কথায়, আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। 'সর্বধর্ম সমন্বয় হল কংগ্রেসের আদর্শ।
অন্যদিকে কমল নাথ সাংবাদিকদের বলেন, "এগুলি কারও কারও ব্যক্তিগত মতামত হতে পারে। আমি স্ট্যালিনের সঙ্গে একমত নই।" মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের এমনই মন্তব্য করেছেন বছরের শেষের দিকে তাঁর রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতির মাঝে।
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেন, যেকোনও ধর্ম সাম্যের কথা বলে। যে ধর্ম সমতার প্রচার করে না বা আপনার মানুষ হওয়ার মর্যাদা নিশ্চিত করে না, আমার মতে সে ধর্ম নয়। যে ধর্ম সমান অধিকার দেয় না, তা রোগের মতোই কু-প্রভাব বিস্তার করে।












Click it and Unblock the Notifications