Congress joining: কংগ্রেসে যোগ দিলেন ২১ হেভিওয়েট নেতা, নির্বাচনের মুখে কারা দলে ফিরলেন, দেখুন তালিকা
জম্মু ও কাশ্মীরের ২১ জন হেভিওয়েট নেতা দিল্লিতে এসে যোগ দিলেন কংগ্রেসে। এই দলবদলের ফলে ভূ-স্বর্গে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের শক্তি অনেকটাই বাড়ল। গুলাম নবি আজাদের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি বা ডিপিএপি এবং আম আদমি পার্টি ছেড়ে তাঁরা ফিরলেন কংগ্রেসে।
সোমবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসের ফেরার হিড়িক পড়ে যায় হেভিওয়েট নেতাদের। তাঁদের যোগদানের ফলে জম্মু ও কাশ্মীরে ডিপিএপি ও আপের সম্ভাবনা বড়োসড়ে ধাক্কা খেল। জম্মুতে বিগত আট মাস ধরেই বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছিল আপ। বিরোধী জোট ইন্ডিয়ার এই শরিক দলের জম্মু ও কাশ্মীরে সে অর্থে পায়ের তলার মাটি ছিল না।

গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পর জিম্মু ও কাশ্মীরে ডিপিএপি পারটি তৈরি করলেও, তা মেলে ধরতে পারেননি সে অর্থে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় থেকেই তাঁরা কংগ্রেসের দিকে ফের ঢলে পড়েছিলেন। এদিন রাহুল গান্ধীর সংসদে ফেরার দিনে তাঁরাও কংগ্রেসে ফিরে এলেন।

জম্মু ও কাশ্মীরের কংগ্রেসের সভাপতি ভিকার রসুল ওয়ানি বলেন, জম্মু ও কাশ্মীরের প্রতিটি জেলা থেকে প্রতিদিন মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন। এদিন প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক এবং আপ ও ডিপিএপি নেতারা দলে দলে কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেস ফের জম্মু ও কাশ্মীরে এক নম্বর দল হয়ে উঠবে।
২০১৯-এর ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর রাজ্য দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে যায়। একটির নাম হয় জম্মু ও কাশ্মীর, অন্যটি লাদাখ। তারপর থেকে এখন পর্যন্ত কোনও নির্বাচন হয়নি। এবার ডিসেম্বরে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে কংগ্রেস নিজেদের শক্তি বাড়াল অনেকটাই।
কংগ্রেসে যোগদানকারী ২১ জন নেতা রবিবার সন্ধ্যায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। সোমবার তাঁরা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন। এই যোগদানের তালিকায় ছিল জম্মু ও কাশ্মীরের হেভিওয়েট অনেক নেতাই।
কংগ্রেসে যোগদানকারীর তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী আপের যশপাল কুণ্ডল, ডিপিএপির প্রাক্তন সাধারণ সম্পাদক দুবারের কংগ্রেস বিধায়ক হাজি আবদুল রশিদ, ডিপিএপির ওয়ার্কিং কমিটির সদস্য নরেশ কে গুপ্ত, ডিপিএপির সাধারণ সম্পাদক শ্যামলাল ভগত, আপের মহিলা শাখার সভাপতি নম্রতা শর্মা।
এছাড়াও ছিলেন ডিডিসি সদস্য সায়মা জান, শাহজেহান দার, আপের জেলা সভাপতি ফারুক আহমেদ, ডিডিসি সদস্য প্রাক্তন বিজেপিমন্ত্রী তারানজিৎ সিং টনি, সিনিয়র অবসরপ্রাপ্ত কেএএস অফিসার গজানফর আলি, ডিপিএপির রাজ্য সম্পাদক সন্তোষ মাজোত্র, প্রাদশিক সচিব রজনী শর্মা, জোনাল সেক্রেটারি নির্মল সিং মেহতা।
ছিলেন আপনি পার্টির মদনলাল চলোত্রা, আপের হামিত সিং বাট্টি, রমেশ পান্ডো্ত্রা, বৈদরাজ শর্মা, যুব সভাপতি মনদীপ চৌধুরী, চেয়ারম্যান নাজির আহমেদ আউকাব, মহেশ্বর বিশ্বকর্মা ও ডিপিএপি সচিব জং বাহাদুর শর্মা। একসঙ্গে ২১ নেতার মেগা যোগদানে কংগ্রেস ফরে অক্সিজেন পেল জম্মু ও কাশ্মীরে।












Click it and Unblock the Notifications