Tripura Elections 2023: কংগ্রেস ঠিক করে ফেলেছে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম! ফল নিয়ে বেজায় 'চাপে' BJP
জোট না আসন সমঝোতা না নিয়ে ত্রিপুরার বাম-কংগ্রেসের নেতা-কর্মীদের মনে প্রশ্ন থাকলেও মোদী-শাহের নিশানায় কিন্তু সেই বাম-কংগ্রেসই। সেখানে নেই তৃণমূলের কোনও নাম।
নির্বাচনী আসন সমঝোতাকে জোট বলতে দ্বিধা থাকলেও ত্রিপুরায় দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা জনসভায় ঠিক করে দিলেন পরবর্তী মুখ্যমন্ত্রী নাম। সিপিআইএম-এর পুরো ভোট কংগ্রেসে যাওয়া নিয়ে নিশ্চয়তা থাকলেও কংগ্রেসের পুরো ভোট বামেদের ঝুলিতে যাওয়া নিয়ে প্রশ্ন থাকলেও, ভোটে ফলাফল নিয়ে বেশ চাপেই রয়েছে বিজেপি। যা বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রচার থেকে পরিষ্কার।

একসঙ্গেই স্লোগান ইনকিলাব জিন্দাবাদ
বছরের পর বছর ধরে ত্রিপুরায় মানুষ বিশেষ করে ভোটের সময় শুনে এসেছেন ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবি হোক। এবারেও সেই আওয়াজ উঠেছে রাজধানী আগরতলা-সহ ত্রিপুরার পথে-ঘাটে। তফাত একটাই। আগে সেই মিছিলে কংগ্রেসকে দেখা যেত না। এবার সেই মিছিলে কংগ্রেসও অংশ নিচ্ছে।

প্রশ্ন রয়েছে কংগ্রেসের সব ভোট বামেদের দিকে যাবে কিনা
সিপিআইএম ১৩ টি কেন্দ্রের তাদের ভোট কংগ্রেসের দিকে যাতে যায়, তার প্রচেষ্টা শুরু করে দিয়েছে। সেই পরিস্থিতিতে কংগ্রেসও বাকি ৪৭ টি আসনে তৎপরতা শুরু করেছে। তবে উভয়ের উদ্বেগ একটাই বাম ভোট কংগ্রেসের গেলেও কংগ্রেসের ভোট বামেদের দিকে যাবে কিনা তা নিয়েই। সাধারণভাবে সিপিআইএম-এর ভোটাররা পার্টি লাইনে ভোট দিয়ে থাকেন। ত্রিপুরার ক্ষেত্রে ২০১৮ সালে তার আগেকার টানা ২৫ বছরের বাম শাসনের নিরিখে কংগ্রেসের ভোটারদের অনেকেই বিজেপিকে ভোট দিয়েছিলেন। এবারও তারা কী করবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এব্যাপারে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের চিত্রও কেউ কেউ তুলি ধরছেন। চেষ্টা চালাচ্ছেন কংগ্রেসের রাজ্য নেতারাও। প্রথমের দিকে এআইসিসির ত্রিপুরার ইনচার্জ ছাড়া সেরকম কোনও নেতাকে দেখা না গেলেও, শেষপর্যায়ে দিল্লি থেকে অনেক কংগ্রেস নেতাকে পাঠানো হয়েছে ত্রিপুরায়।

এআইসিসির ত্রিপুরা ইনচার্জ ঠিক করে ফেলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী নাম
তবে দ্বিধাদ্বন্দ্ব কাটাতে এআইসিসির ত্রিপুরার ইনচার্জ অজয় কুমার ভোটপ্রচারে অংশ নিচ্ছেন। সেরকমই এক প্রচারে গিয়ে তিনি কার্যত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দেন। তিনি সমাবেশে প্রশ্ন করেন, সিপিআইএম-এর উপজাতি সম্প্রদায়ের দীর্ঘদিনের নেতার নাম কী? জনগণ সমবেত ভাবে উত্তর দেয় জিতেন্দ্র চৌধুরী। সেই সময় এআইসিসির ত্রিপুরার ইনচার্জ অজয় কুমার বলেন, আপনাদের পরবর্তী মুখ্যমন্ত্রী উপজাতি সম্প্রদায় থেকে একজন বাম নেতাই হবেন।

'চাপে' বিজেপি
২০১৮-র পরিসংখ্যান ধরলে বাম আর বিজেপির লড়াই ছিল খুবই কাছাকাছি। বামেরা যেখানে পেয়েছিল ৪২.২২ শতাংশ ভোট, সেখানে বিজেপি পেয়েছিল ৪৩.৫৯ শতাংশ ভোট। বাম-কংগ্রেসের আসন সমঝোতা কিংবা জোট যাই বলা হোক না কেন, তা যদি একটুও কাজ করে যায়, তাহলে বিজেপির অনেক হিসেব নিকেশ যে বিপর্যস্ত হতে পারে, তা মেনে নিচ্ছেন সেখানকার গেরুয়া শিবিরের নেতারাই। সেই অনুযায়ী প্রচারও চলছে। সেখানে তৃণমূল কোনও বিষয়ই নয়, টার্গেটে বাম-কংগ্রেসের আসন সমঝোতা।

মোদী-শাহের নিশানায় আসন সমঝোতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ত্রিপুরায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। শনিবার ধলাই জেলার সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সিপিআইএম এবং কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন কেরলে এরা কুস্তি করে, আর ত্রিপুরায় দস্তি, এদেরকে কীভাবে বিশ্বাস করবেন। অন্যদিকে রবিবার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের উদ্দেশে সিপিআইএম-এর সঙ্গে জোট করা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications