কংগ্রেস এখন 'লাফিং ক্লাব', রাহুল গান্ধীদের কে করলেন এমন তাচ্ছিল্য
হিমাচলে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হিমাচলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। সেরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে তাচ্ছিল্য করে মোদী বলেছেন, 'কংগ্রেস এখন লাফিং ক্লাব'। কেন সারা দেশে মানুষ তাঁদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কংগ্রেস নেতাদের তা নিয়ে আত্ম অনুসন্ধান করা উচিত বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশের কাংরায় জনসভা করেন। এই রাজ্য কংগ্রেসের আমলে পিছিয়ে পড়েছে এবং ভোটবাক্সে মানুষ তাদের লুটেরাদের জবাব দেবে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী।
কংগ্রেস সকলের কাছে হাস্যস্পদ হয়ে গিয়েছে বলে দাবি করে মোদী বলেছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি মামলায় জামিনে বাইরে রয়েছেন আর দল নিজেদের নির্বাচনী ইস্তেহারে দুর্নীতির বিরুদ্ধে আপোশ না করার কথা লিখেছে।
ভারতবর্ষের মানুষ ক্ষমাপরায়ণ। তবে যদি আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু করেন তাহলে মানুষ কখনও আপনাকে ক্ষমা করবে না। কংগ্রেসের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেবভূমি হিমাচলকে পাঁচটি রাক্ষসের হাত থেকে রক্ষা করার কথা বলেছেন মোদী। সেগুলি হল খনি মাফিয়া, জঙ্গল মাফিয়া, ড্রাগ মাফিয়া, টেন্ডার মাফিয়া ও ট্রান্সফার মাফিয়া। অর্থাৎ এই অবস্থার জন্য সরাসরি কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়েছেন।
কাংরার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ধৌলা কুঁয়া, সুন্দরনগর, রাইত, পালমপুরেও আগামিদিনে নির্বাচনী সভা করবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications