রাহুলই পরবর্তী সভাপতি, ওয়ার্কিং কমিটির বৈঠকে স্পষ্ট করে দিল কংগ্রেস
রাহুল গান্ধীই হতে চলেছেন পরবর্তী কংগ্রেস সভাপতি। এদিন নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রেজোলিউশন পাশ করে তা নিশ্চিত করল কংগ্রেস নেতৃত্ব।
আর রাখঢাক নয়, রাহুল গান্ধীই হতে চলেছেন পরবর্তী কংগ্রেস সভাপতি। এদিন নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রেজোলিউশন পাশ করে তা নিশ্চিত করল কংগ্রেস নেতৃত্ব। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই কংগ্রেসের দায়িত্ব পুরোপুরিভাবে তুলে দেওয়া হবে রাহুলের হাতে। মা সনিয়া গান্ধীকে সরিয়ে দলের শীর্ষ নেতৃত্বে বসবেন রাহুল।

কংগ্রেস নেতৃত্ব জানাচ্ছে, যদি স্ক্রুটিনির শেষ দিন পর্যন্ত রাহুলের বিপক্ষে কোনও প্রার্থী কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচনে না দাঁড়ায় তাহলে কংগ্রেস সভাপতি হিসাবে রাহুলের নাম ঘোষণা করবে। আর সম্ভবত তাই হবেও। কারণ কেউই রাহুলের বিরুদ্ধে ভোটে লড়বেন না বলেই ধরে নেওয়া হচ্ছে। তেমন হলে রাহুলকে খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট ইলেক্ট বা ভাবী সভাপতি হিসাবে ঘোষণা করে দেওয়া নিয়ে কোনও বাধা থাকবে না।
কংগ্রেসের ভোটাভুটি হওয়ার কথা ১১ ডিসেম্বর। তবে অবস্থা ভোটাভুটির জায়গায় পৌঁছবে কিনা তা ৫ ডিসেম্বরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। কারণ সেদিন নমিনেশনের শেষ দিন। তার আগে ১ ডিসেম্বর নমিনেশন জমা শুরু হবে। আর ভোটাভুটির পরে ১৯ ডিসেম্বর সভাপতি পদে দায়িত্ব বুঝে নেবেন রাহুল।
অর্থাৎ এখন যা পরিস্থিতি তাতে গুজরাতে প্রথম দফার ভোটগ্রহণের আগেই কংগ্রেস সভাপতি পদে রাহুলের আসীন হওয়া স্পষ্ট হয়ে যাবে। তার কোনও ইতিবাচক প্রতিফলন গুজরাত ভোটে পড়ে কিনা সেটাই এখন দেখার। আর যদি ফল খারাপ হয় তাহলে ফের রাহুলকে নিয়ে বিতর্ক শুরু হবে।












Click it and Unblock the Notifications