মিশন ২৪-এ পরীক্ষার মুখে প্রশান্ত কিশোর! ‘পরীক্ষার খাতা’ দেখতে কমিটি কংগ্রেসের
মিশন ২৪-এ পরীক্ষার মুখে প্রশান্ত কিশোর! ‘পরীক্ষার খাতা’ দেখতে কমিটি কংগ্রেসের
কংগ্রেকে ছাড়া মিশন ২৪-এ বিজেপিকে হারানো সম্ভব নয়। কংগ্রেসের প্রয়োজনীয়তা বুঝেই ভোট কৌশলী প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধীর ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেসের হাতে তুলে দিয়েছেন কৌশল-পত্র। অর্থাৎ কোন আঙ্গিকে তিনি ঘূঁটি সাজাবেন মিশন ২৪-এর জন্য, তা প্রস্তাব আকারে সোনিয়া গান্ধীকে দিয়েছেন। তা খতিয়ে দেখতেই কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী প্যানেল গঠন করেছেন।

প্রশান্ত কিশোরের দেওয়া কৌশলপত্র পরীক্ষা করতে কমিটি
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের দেওয়া কৌশলপত্র পরীক্ষা করে দেখতে চাইছেন। প্রশান্ত কিশোরের পরিকল্পনা কতটা কার্যকর হতে পারে, তা জেনেবুঝে প্রশান্ত কিশোরের জন্য ঝাঁপাতে চাইছেন সোনিয়া গান্ধী। সেজন্য দলের প্রবীণ নেতা এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি এবং মল্লিকার্জুন খাড়গের সমন্বয়ে একটি তিন সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সোনিয়া গান্ধীর বাসভবনে তিন ঘন্টার একটি প্রেজেন্টেশান
প্রশান্ত কিশোর ১৬ এপ্রিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে তিন ঘন্টার একটি প্রেজেন্টেশান দিয়েছিলেন। সেই বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং সিনিয়র নেতা এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি, মল্লিকার্জুন খাড়গে, দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ এবং অজয় মাকেনও।

সংকট কাটিয়ে ফের আলোয় ফিরতে একটি বিকল্প পরিকল্পনা
প্রশান্ত কিশোর তাঁর প্রেজেন্টেশনে দেখিয়েছেন কংগ্রেস সাম্প্রতির অতীতে কোন কোন ভুলগুলো করেছে এবং কোন কোনও ভুল এখনও করে চলেছে। তার রূপরেখা তুলে ধরেছেন প্রশান্ত কিশোর এবং সংকট কাটিয়ে ফের আলোয় ফিরতে একটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছেন তিনি। সেই রূপরেখা অনুযায়ী কাজ করে কংগ্রেস আবার সাফল্যের সরণিতে ফিরতে পারে বলে দাবি প্রশান্ত কিশোরের।

৫৪৩ আসনের মধ্যে ৩৭০টিতে কংগ্রেসের ফোকাস থাকবে
ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শগুলির মধ্যে ছিল, কংগ্রেসের জেতা আসনগুলিতে দলের ক্ষমতাকে মজবুত করা। তিনি বলেছিলেন, লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে ৩৭০টিতে কংগ্রেসকে ফোকাস করতে হবে। তাঁর মতে কংগ্রেস একটি দুর্দান্ত পণ্য, কিন্তু তার সঠিক বিপণনের অভাব রয়েছে। প্রচারে ঘাটতি রয়ে যাচ্ছে। তিনি কংগ্রেসের প্রচার-শলের কড়া সমালোচনা করেন।

দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক মেরুকরণকে ইস্যুকে তুচ্ছ করতে
দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক মেরুকরণকে তুচ্ছ ইস্যু হিসাবে সরিয়ে বুথ স্তরে কর্মীদের শক্তিশালীকরণ এবং ক্ষমতায়নের মাধ্যমে এটি মোকাবেলা করার পন্থা বের করতে চান তিনি। তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশ এবং বিহারে কংগ্রেসকে এককভাবে লড়াই করা উচিত এবং অন্ধ্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে জোট গড়ে লড়াই করা উচিত।

পিকের উপস্থাপনা নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মতামত
উপস্থাপনা শেষে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মতামত জানতে চান সভানেত্রী সোনিয়া গান্ধী। সূত্রের খবর, প্রশান্ত কিশোরের এই প্রস্তাবে খুব বেশি প্রভাবিত হননি দিগ্বিজয় সিং এবং এ কে অ্যান্টনি। দিগ্বিজয় বলেন, পাচমাড়ি এবং সিমলায় শেষ দুটি চিন্তন শিবিরের পরে দল এই পন্থাই নিয়েছিল। অ্যান্টনি বলেন, প্রস্তাবে উল্লিখিত বেশিরভাগ পয়েন্টগুলি ২০১৪ সালে কংগ্রেসের পরাজয়ের পরে তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছিলেন।

প্রশান্ত কিশোরের প্রস্তাবের পর কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া
প্রশান্ত কিশোরের প্রস্তাবের পর বাকিরা তেমন কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁরা নীরব ছিলেন। কিন্তু জয়রাম রমেশ কিশোরের উপস্থাপিত প্রস্তাবগুলির প্রশংসা করেছিলেন। এবং বলেছিলেন যে এই প্রস্তাব মোতাবেক চেষ্টা করা যেতেই পারে। কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে তাঁর নিয়োগের বিষয়ে বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছিল। তা উল্লেখ করে পিকে বলেছিলেন, তিনি কোনও দলীয় পদের জন্য আগ্রহী নন।

পিকে শুধু কংগ্রেস সভাপতিকে রিপোর্ট করতে আগ্রহী
বৈঠকের পর কংগ্রেস নেতারা জানান, কিশোরের দলে যোগ দেওয়ার বিষয়টি এখন নিশ্চিত। তিনি অবশ্য দলের দুই নম্বর স্লট নাও পেতে পারেন। বৈঠকের সময় খাড়গে বলেছিলেন, প্রশান্ত কিশোর শুধুমাত্র কংগ্রেস সভাপতির পাশে একটি পদের জন্য দর কষাকষি করছিলেন। তিনি শুধুমাত্র কংগ্রেস সভাপতিকে রিপোর্ট করতে আগ্রহী বলেই জানা গেছে।

২০২৪ সালের নির্বাচনের কৌশল নির্ধারণের সম্পূর্ণ দায়িত্ব
কংগ্রেস সূত্র জানিয়েছে, কিছু নেতা চাইছেন, তাঁকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের কৌশল নির্ধারণের সম্পূর্ণ দায়িত্ব দেওয়ার আগে, তাঁকে আসন্ন রাজ্য নির্বাচনে তাঁর পরিকল্পনার কার্যকারিতা প্রমাণ করতে বলা উচিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এক ডজনেরও বেশি রাজ্যে নির্বাচন হওয়ার কথা। এই রাজ্যগুলিতে ১৫০০টিরও বেশি আসনের মধ্যে কংগ্রেস ৪০০টিরও বেশি আসন দখল করে।

বিজেপিকে ২০২৪-এর আগে বড় ঝটকা দিন পিকে
কংগ্রেসের একটা বড় অংশ চাইছে, বিজেপিকে ২০২৪-এর আগে বড় ঝটকা দিতে তাই প্রথমে প্রশান্ত কিশোর কংগ্রেসকে সাহায্য করুন ওই রাজ্যগুলিতে আসন সংখ্যার আরও উন্নতি ঘটাতে। কংগ্রেস যদি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঝটকা দিতে পারে, তাহেল ২০২৪-এর আগে দেশের কাছে স্পষ্ট হয়ে যাবে বিজেপির বিদায়ঘণ্টা বাজতে চলেছে। এদিকে প্রশান্ত কিশোর ইতিমধ্যে ঘোষণা করেছেন, তিনি ২ মে-র মধ্যে একটি রাজনৈতিক দলের অংশ হতে চলেছেন।












Click it and Unblock the Notifications