নরেন্দ্র মোদীকে 'অনুপস্থিত প্রধানমন্ত্রী' বলে কটাক্ষ কংগ্রেসের

নরেন্দ্র মোদীর পাশাপাশি কংগ্রেস কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলিরও কড়া সমালোচনা করে এদিন। গোটা বিষয়টিকে অরুণ জেটলি ও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গুরুত্ব দিয়ে দেখছে না বলে মন্তব্য করেছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা বলেন, যখন আমাদের সীমান্ত অঞ্চলে এত বড় সঙ্কট উৎপন্ন হয়েছে, তখন আমাদের প্রধানমন্ত্রী অনুপস্থিত। এমন প্রধানমন্ত্রীর কী আমাদের সত্যিই প্রয়োজনীয়তা আছে?
আনন্দ শর্মা আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী খামখেয়ালি। উনি সব জায়গায় থাকতে চান। গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীকে পাওয়া যায় না। মহারাষ্ট্র হোক বা হরিয়ানা প্রত্যেক রাজ্যে তিনি দলের মুখ হয়ে প্রচার সেরে বেড়াচ্ছেন। অন্যদিকে অরুণ জেটলি প্রসঙ্গে শর্মা বলেন, ভারতে প্রতিরক্ষা মন্ত্রী 'পার্টটাইমার', অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রতিরক্ষা দফতর সামলাচ্ছেন অরুণ জেটলি। পাঁচ মাস কেটে যাওয়া সত্ত্বেও কেন ভারত এখনও প্রতিরক্ষা মন্ত্রকে পূর্ণ মন্ত্রী পেল না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সীমান্তের এই লাগাতার হামলা, গ্রামবাসীদের প্রাণহানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অথচ প্রধানমন্ত্রী সে বিষয়ে কোনও কড়া পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ তোলেন আনন্দ শর্মা। তিনি বলেন, প্রধানমন্ত্রী এই সৌজন্যবোধটুকুও নেই যে বিরোধি দলের উভয়রক্ষের শীর্ষ নেতাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন তিনি। চীন হোক বা পাকিস্তান দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী বিরোধীদলের আস্থা নিতে চান না। মুখে যতই আশ্বাস দিন কিন্তু আদতে প্রধানমন্ত্রী দেশের মানুষকেও গুরুত্ব দিচ্ছেন না বলে কটাক্ষ করেন আনন্দ শর্মা।












Click it and Unblock the Notifications