প্রতিটা রাজ্যে রাজভবন অভিযানের ডাক, পেগাসাস কাণ্ডে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের রাস্তায় কংগ্রেস
প্রতিটা রাজ্যে রাজভবন অভিযানের ডাক, পেগাসাস কাণ্ডে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের রাস্তায় কংগ্রেস
সময় যত গড়াচ্ছে পেগাসাস ইস্যুতে ততই উত্তাল হচ্ছে দেশ। তুমুল হইহট্টগোলের জেরে গতকালের পর মঙ্গলবারও মুলতুবি হয়ে যায় সংসদের বাদল অধিবেশন। এদিকে পেগাসাস কাণ্ডে এবার দেশজুড়ে আন্দোলনের রাস্তায় নামছে কংগ্রেস।ক্রমেই বাড়ছে আন্দোলনের তেজ। প্রসঙ্গত উল্লেখ্য, পেগাসাসের হাত ধরে ভারতের যে সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মীর ফোনে আড়ি পাতা হয়েছিল তাদের মধ্যে শীর্ষ তালিকায় আছেন রাহুল গান্ধী।

ইজরায়েলি সংস্থা এনএসও-র সৃষ্ট পেগাসাসের মাধ্যমে ভারতীয় নেতা মন্ত্রী ও সাংবাদিকদের ফোনে আড়ি পেতেছে কেন্দ্র, এই খবর চাউর হতেই গত পরশু রাত থেকে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে থাকেন কংগ্রেসের নেতারা। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান খোদ সোনিয়া পুত্র। এমনকী বিজেপিকে ভারতীয় জাসুস পার্টি বলেও তোপ দাগতে থাকেন কংগ্রেসের নেতারা।
এদিকে নজরদারি চালানো ৩০০টি মোবাইলের মধ্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নিজের ২টি ফোন নম্বর রয়েছে বলে অভিযোগ। আর তাতেই তুমুল চটেছে কংগ্রসের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকটি রাজ্য নেতৃত্বকে রাজভবন অভিযানের নির্দেশ দিয়েছে বলেও জানা যাচ্ছে। যা নিয়ে নতুন করে সরগরম রাজ্য-রাজনীতি। এদিকে ইতিমধ্যেই লোকসভায় পেগেসাস বিতর্কে মুলতুবি প্রস্তাব এনেছে কংগ্রেস। পাশাপাশি রাজ্যসভাতে সাসপেনশন নোটিশও দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।
একইসাথে পেগেসাস ইস্যুতে প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস ইউনিটকে সাংবাদিক সম্মেলন করতে হবে বলেও কংগ্রেস হাইকমান্ডের তরফে নির্দেশ এসেছে। এদিকে বছর ঘুরতেই পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। তার মধ্যে ভোট রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশের মতো গেরুয়া গড়েও। এমতাবস্থায়, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন ভোটের কথা মাথায় রেখেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি বিজেপিকে কোণঠাসা করতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছে না কংগ্রেস।












Click it and Unblock the Notifications