কংগ্রেসের সঙ্গে বিজেপির ৩ শতাংশের ফারাকই ব্যবধান গড়ে দেবে কর্নাটকে, সমীক্ষায় আভাস
কর্নাটকের নির্বাচনে এবার ফারাক গড়ে দেবে মাত্র ৩ শতাংশ ভোট। এমনটাই আভাস মিলল সি-ভাটোর-এবিপি নিউজের জনমত সমীক্ষায়। এই সমীক্ষায় আভাস দিয়েছে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবার। খুব খারাপ হলেও ১১০টি আসন পাবে তারা। সেক্ষেত্রে ত্রিশঙ্কু হওড়ার সম্ভাবনা থাকবে।
দক্ষিণের রাজ্য কর্নাটকে জনমত সমীক্ষায় পালাবদলের আভাস মিলেছে। সেই সঙ্গে কত শতাংশ ভোটের ব্যবধানে বিজেপিকে টেক্কা দেবে কংগ্রেস, সেই আভাসও দিয়েছে তারা। মাত্র তিন শতংশ ভোটই ফারাক ঘটাবে বলে জানিয়েছে এবিপি-সি ভোটারের সমীক্ষা।

সি ভোটারের জনমত সমীক্ষায় প্রকাশ, নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কংগ্রেস ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল। এবার আর জেডিএসকেও প্রয়োজন হবে না কংগ্রেসের। এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে চলেছে ১১০ থেকে ১২২টি আসন। বিজেপি এবার পেতে পারে ৭৩ থেকে ৮৫টি আসন। আর জেডিএস পেতে পারে ২২ থেকে ২৯টি আসন। অন্যান্যরা দুটি থেকে ৬টি আসন।
এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৪০.৪৩ শতাংশ ভোট। আর বিজেপি পেতে পারে ৩৭.৪১ শতাংশ ভোট। জেডিএস ভোট পেতে পারে ১৪.১ শতাংশ। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৭.৯৮ শতাংশ ভোট। এবিপি-সি ভোটারের গত মাসের সমীক্ষার থেকেও কংগ্রেসের পক্ষে ভোট ও আসন বেড়েছে একেবারে সর্বশেষ সমীক্ষায়।
কর্নাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে ঘুরে মোট ৭৫ হাজার স্যাম্পেল সংগ্রহ করেছে তারা। তার ভিত্তিতেই এই মেগা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা রিপোর্ট। একাধিক জনমত সমীক্ষা তারা প্রকাশ করেছে। প্রতিবারই দেখা গিয়েছে, কংগ্রেসের পক্ষে ফল উন্নীত হয়েছে।

যত সময় গিয়েছে ততই কর্নাটক নির্বাচনে পাল্লা ভারী হয়েছে কংগ্রেসের, এমনই আভাস মিলেছে সমীক্ষায়। ভোট শতাংশ কংগ্রেসের পক্ষে লাফিয়ে অনেকটাই বেড়েছে শেষ মুহূর্তের সমীক্ষায়। কংগ্রেসের ভোট বিজেপির তুলনায় তিন শতাংশ বেশি। কিন্তুপ আসনের ব্যবধান ৩০টিরও বেশি।
এখানে উল্লেখ্য, কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপির শাসন চলছে কর্নাটকে।

এবার কর্নাটকে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া চরমে। তারপর বিজেপিতে নেতৃত্বের কোন্দল শুরু হয়েছিল। তিন বছরের মেয়াদে বিজেপিকে মুখ্যমন্ত্রী বদল পর্যন্ত করতে হয়েছিল। ইয়েদুরাপ্পাকে সরিয়ে বাসবরাজ বোম্মাই হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর নেতৃত্বেই বিজেপি লড়ছে। কংগ্রেস এবার অনেকটাই সঙ্ঘবদ্ধ। সিদ্দারমাইয়া ও শিবকুমার ঐক্যবদ্ধ হয়ে লড়ছেন এবার।












Click it and Unblock the Notifications