কর্নাটকে কংগ্রেসের প্রচারকের তালিকায় আজহার, কানহাইয়া কুমার! 'ব্রাত্য' সচিন পাইলট, জল্পনা তুঙ্গে
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের বিধানসভা নির্বাচন কংগ্রেস ও বিজেপি উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার মধ্যে কংগ্রেসে তারকা প্রচারকদের তালিকা নিয়েও জল্পনা তুঙ্গে। গুরুত্ব বিজেপি থেকে আসা নেতাদের। তালিকায় অশোক গেহলট থাকলেও নেই সচিন পাইলট।
কর্নাটক বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য কংগ্রেসের হাইপ্রোফাইল তালিকা। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম হল বিজেপি থেকে দিন কয়েক আগে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। তালিকা থেকে বাদ যাওয়া উল্লেখযোগ্য নাম হল সচিন পাইলট। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে বিবাদের জেরে যিনি খবরের শিরোনামে।

কর্নাটকে কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকায় যাঁরা স্থান পেয়েছেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ছাড়া তাঁরা হলেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু। সব মিলিয়ে তালিকায় রয়েছেন ৪০ জন। প্রচারকদের তালিকায় নাম রয়েছে শশী তারুরের। তাঁকে গুজরাতের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
গত কয়েক দশক ধরে জনসংঘ এবং বিজেপির প্রতিনিধিত্ব করার পরে এবারের নির্বাচনে হুবলি ধারওয়াড সেন্ট্রাল আসন থেকে বিজেপির টিকিট না পেয়ে সোজা কংগ্রেসে যোগ দেন প্রবীন এই নেতা। তিনি স্পষ্টতই দাবি করেছেন, এই পদক্ষেপে অন্তত ২০ থেকে ২৫ টি আসনে ফল ভুগতে হবে বিজেপিকে।
অসমের নির্বাচনী প্রচারে প্রচারকদের তালিকায় ছিলেন। আবার ২০১৮-র কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকায় ছিলেন সচিন পাইলট। কিন্তু ২০২৩-এর নির্বাচনে নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজের রাজ্যে নিজের সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণেই এই পরিস্থিতি। পাইলটের অভিযোগ বিজেপি আমলের দুর্নীতির তদন্তে ব্যর্থ গেহলট সরকার।

কংগ্রেসের তারকা প্রচারকদের মধ্যে রয়েছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন দুই সভাপতি সোনিয়া গান্ধী এহং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদাম্বরম এবং জয়রাম রমেশ। কর্নাটকের হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার, বীরপ্পা মইলি, এমবি পাতিলের মতো নেতারা।
এছাড়াও তালিকায় যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, মহঃ আজহারউদ্দিন, রাজ বব্বর, রমেশ চেন্নিথালা, কানহাইয়া কুমার, রামালিঙ্গা রেড্ডি, ডিকে সুরেশ, জিসি চন্দ্রশেখর, সৈয়দ নাসির হুসেন, জমির আহমেদ খান, এইচএম বেভান্না, উমনাশ্রী, রেভান্থা রেড্ডি, দিব্যা স্পন্দনা, ইমরান প্রতাপগড়ি, শহিদুল হকের মতো নেতারা।
প্রসঙ্গত কর্নাটকে বিধানসভা নির্বাচন হতে চলেছে, ১০ মে। ফল বের হবে ১৩ মে। ইতিমধ্যে বিভিন্ন সংস্থার করা সমীক্ষায় বিজেপির তরফে কঠিন লড়াইয়ের ইঙ্গিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications