SIR-এর এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ করবেন? কী কী লাগবে? জানুন পূরণ করার সম্পূর্ণ পদ্ধতি
পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন ২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকার জন্য ভোটার এনুমারেশন (Voter Enumeration) ফর্ম ভরার পর্ব শুরু করতে চলেছে। ৪ঠা নভেম্বর থেকেই শুরু হবে এই প্রক্রিয়া । SIR শুরু হওয়ার পরেই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে এই ভোটার এনুমারেশন ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। সেই ফর্ম পূরণ করে আবার বুথ লেভেল অফিসারদের কাছেই জমা দিতে হবে। এখন এই কাজ অফলাইনে শুরু করার চিন্তাভাবনা করা হয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া অনলাইনেও চালু হবে বলে জানা গিয়েছে। এটি বাধ্যতামূলক যে, ২০২৫ সালের ভোটার তালিকায় যাদের যাদের নাম আছে, তাদের প্রত্যেককেই এই এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা দিতে হবে।এনুমারেশন ফর্মে ভোটারকে কী কী তথ্য লিখতে হবে অথবা ফর্ম জমা দেওয়ার জন্য কোনও নথি লাগবে কিনা তার নিয়ম জানিয়েছে কমিশন।

প্রত্যেক ভোটারের কাছে ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো দুটি এনুমারেশন ফর্ম পৌঁছবে ৷ ফর্মে আগে থেকেই সংগ্রহ করা কিছু তথ্য দেওয়া থাকবে যেগুলো মিলিয়ে মিলিয়ে দেখতে হবে তথ্যগুলি ঠিক আছে কিনা। যে যে তথ্য দেওয়া থাকবে সেগুলি হলো:
১. ভোটারের নাম, এপিক নম্বর (EPIC No.) এবং ঠিকানা।
২.ভোটারের বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম এবং নম্বর।
৩. পার্ট নম্বর, সিরিয়াল নম্বর ও ভোটারের রাজ্যের নাম।
৪. একটি প্রয়োজনীয় কিউআর কোড (QR Code)।
৫. ভোটারের বর্তমান ছবি।
এনুমারেশন ফর্মটিতে যে যে তথ্য পূরণ করতে হবে সেগুলি হলো:
১. নিজেদের জন্মের তারিখ (এটি পূরণ করা বাধ্যতামূলক)।
২.আধার নম্বর (এটি আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন)।
৩. মোবাইল নম্বর (এটি বাধ্যতামূলক)।
৪. পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে।
৫. পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর (এটি বাধ্যতামূলক নয়)।
৬. মায়ের নাম দিতে হবে।
৭. মায়ের এপিক নম্বর (বাধ্যতামূলক নয়)।
৮. স্বামী অথবা স্ত্রীর থাকলে তাঁদের নাম দিতে হবে।
৯. স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)।
১০. এক কপি সাম্প্রতিক ছবি দিতে হবে।
এ ছাড়াও যদি সর্বশেষ এসআইআর (SIR)-এর সময় ভোটার তালিকায় ভোটারের নাম না থেকে থাকে তাহলে তাঁর বাবা অথবা মায়ের নাম থাকলে তাঁদের এপিক কার্ড নম্বর, তিনি কোন বিধানসভার ভোটার ছিলেন, সেই তথ্যগুলি দিতে হবে৷
কমিশনের নির্দেশ অনুসারে BLO-দের বলা হয়েছে, ভোটারের সন্ধান না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে এনুমারেশন ফর্ম ঢুকিয়ে দিয়ে আসতে হবে।
এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় কোনও নথি জমা দিতে হবে না।
ফর্মে ২০০২-এর ভোটার তালিকায় ভোটারের বা তাঁর বাবা,ঠাকুরদা, ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। এই লিঙ্ক BLO নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারের এপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে তা দেখে নিতে পারবেন। প্রতিটি ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। ফর্ম জমা নেওয়ার পর ঠিক তার নীচে BLO-কে একটি স্বাক্ষর করতে হবে। মোট দুটি ফর্ম দেওয়া হবে ভোটারদের। যার মধ্যে BLO একটি ফর্ম জমা নিয়ে নেবেন এবং আরেকটি ফর্ম তিনি যে জমা দিচ্ছেন সেটার একটা রিসিভ কপি ভোটার তার কাছে রেখে দেবেন। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও BLO-র সাক্ষর থাকবে।
এরাজ্যের ভোটারদের কথা ভেবে বাংলায় এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছে৷ কোনও ভোটার যদি বাইরে কোথাও থেকে থাকেন তাহলে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও (CEO) ওয়েরসাইটে গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।












Click it and Unblock the Notifications