হরিয়ানায় বিধানসভা ভোটে হেরে প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন রাহুল গান্ধী
হরিয়ানা বিধানসভা ভোটে কংগ্রেস হার স্বীকার করেছে। কংগ্রেসের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য শরিক দল। প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে বার্তা দিলেন।
বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। এই বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি জম্মু - কাশ্মীরের মানুষের উদ্দেশ্যে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, " জম্মু ও কাশ্মীরের জনগণকে আন্তরিক ধন্যবাদ। রাজ্যে ভারতের জয়, সংবিধানের জয়, গণতান্ত্রিক আত্মসম্মানের জয়। আমরা হরিয়ানার অপ্রত্যাশিত ফলাফল বিশ্লেষণ করছি। অনেক বিধানসভা কেন্দ্র থেকে আসা অভিযোগ আমরা নির্বাচন কমিশনকে জানাব।"
তিনি আরও লিখেছেন, " হরিয়ানার সমস্ত জনগণকে তাদের সমর্থনের জন্য এবং আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অধিকার, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার এবং সত্যের জন্য এই সংগ্রাম চালিয়ে যাব। আমরা আমাদের আওয়াজ তুলতে থাকব।"
৯০ সদস্যের বিধানসভায় বিজেপি ৪৮ টি আসন পেয়েছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতেছে গেরুয়া শিবির। কংগ্রেস ৩৭ টি আসন জিতেছে। জম্মু - কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স জিতেছে ৪২টি আসনে। বিজেপি জিতেছে ২৯টি আসন। এনসির জোটসঙ্গী কংগ্রেস জিতেছে ৬টি আসন।
মঙ্গলবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। কংগ্রেস হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলকে অপ্রত্যাশিত বলে দাবি করেছে। দলের মুখপাত্র পবন খেরা বলেছেন, ফলাফল গণতন্ত্রের পরাজয়ের সমান।
হিসার, মহেন্দ্রগড় এবং পানিপথ থেকে কংগ্রেস প্রার্থীরা অভিযোগ করছেন। ইভিএম মেশিনে কারচুপি করা হয়েছে। এই মারাত্মক অভিযোগ কংগ্রেস করছে। ইভিএম মেশিনের ব্যাটারির চার্জ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।












Click it and Unblock the Notifications