সুরজকুন্ড মেলায় দোলনা দুর্ঘটনার ঘটনায় অভিযোগ দায়ের, গ্রেপ্তার দুই
হরিয়ানার সুরজকুন্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় মর্মান্তিক দোলনা দুর্ঘটনার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দোলনা ভেঙে পড়ে এক পুলিশ আধিকারিকের মৃত্যু ও একাধিক দর্শনার্থীর আহত হওয়ার ঘটনায় সুরজকুণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার গভীর তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেলাপ্রাঙ্গণে দোলনা স্থাপনের দায়িত্বে থাকা হিমাচল ফান কেয়ার কোম্পানির মালিক মহম্মদ শাকিরের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত শাকির হিমাচল প্রদেশের সিরমৌর জেলার বাসিন্দা। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা নীতিশকেও। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় আচমকাই দোলনা ভেঙে পড়লে মেলায় হইচই পড়ে যায়। আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন হরিয়ানা পুলিশের ইন্সপেক্টর জগদীশ প্রসাদ। উদ্ধারকাজ চলাকালীন দোলনার কাঠামো ভেঙে পড়লে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত অবস্থায় তাঁর এই আত্মত্যাগকে পুলিশ মহলে 'বীরোচিত' বলেই অভিহিত করা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। এই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন এসিপি (ক্রাইম) বরুণ দাহিয়া। দলে রয়েছেন ক্রাইম ব্রাঞ্চ নিট এর ইনচার্জ এসআই শীশপাল ও সুরজকুন্ড থানার এসআই সঞ্জয়। পুরো তদন্ত প্রক্রিয়া তদারকি করছেন ডিসিপি (ক্রাইম) মুকেশ মালহোত্রা। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এই দুর্ঘটনায় মোট ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এএসআই নীলাম, কনস্টেবল শর্মিলা, এসপিও রাজেশ সহ একাধিক সাধারণ দর্শনার্থী। আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়ব সিং সাইনি। তিনি জানান, দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হওয়া ইন্সপেক্টর জগদীশ প্রসাদের পরিবার সরকারের পূর্ণ সহায়তা পাবে। পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। আহতদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে ও গুরুতর আহতদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ও রিপোর্ট জমা পড়লেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications