ফেসবুকে প্রধানমন্ত্রীর মাকে অপহরণের হুমকি, তটস্থ গোয়েন্দারা

দিন দুয়েক আগেই ফেসবুকে একটি পোস্ট চোখে পড়ে গোয়েন্দাদের। উত্তরপ্রদেশ থেকে জনৈক ইনজামাম কাদরি লেখেন, "মোদী কি মা কো কিডন্যাপ কর লেঁ তো জো ভি চাহে ওহ করওয়া সকতে হ্যাঁয়" (মোদীর মাকে অপহরণ করে নিলে যা চাইব, তাই-ই করিয়ে নিতে পারব)।
এই মন্তব্যটি পোস্ট হওয়ার পর অন্তত কয়েক হাজার কমেন্ট পড়ে। সবাই ওই ব্যক্তিকে আদ্যশ্রাদ্ধ করে কমেন্ট করতে শুরু করে। গালাগালিও দেওয়া হয় হুমকিদাতাকে। সম্ভবত এরই জেরে কমেন্টটি মুছে দেওয়া হয়। কিন্তু তাতে পরিস্থিতি প্রশমিত হয়নি। এ বার ময়দানে নেমে পড়েন গোয়েন্দারা। শুরু হয়েছে আইপি অ্যাড্রেস খুঁজে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাকড়াও করার চেষ্টা।
নরেন্দ্র মোদীর মা হীরাবেন চিন্তা আরও বাড়িয়ে দিয়েছেন গোয়েন্দাদের। কারণ নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার এসজিপি কমান্ডোদের সুরক্ষা পাবেন। নরেন্দ্র মোদী কুর্সিতে বসার পর দিল্লি থেকে গুজরাতের গান্ধীনগরে আসে এসপিজি। কিন্তু হীরাবেন সাফ জানিয়ে দেন, তিনি এই সুরক্ষা নেবেন না। কারণ তাতে তিনি নিজের ইচ্ছে মতো চলা-ফেরা করতে পারবেন না। তাঁকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এসপিজি। শেষ পর্যন্ত ঠিক হয়, গুজরাত পুলিশই নিরাপত্তার দায়িত্ব নেবে। এখন গান্ধীনগরে হীরাবেনের বাড়িতে তাই চব্বিশ ঘণ্টা মোতায়েন থাকে গুজরাত পুলিশের কমান্ডো বাহিনী। ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) থেকে তাই জানানো হয়েছে, গুজরাত পুলিশ যেন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এবং প্রয়োজনে তা আরও আঁটোসাঁটো করে।
কেউ কেউ বলছেন, হয়তো মজা করার জন্যই কেউ পোস্টটি দিয়েছিল। কারণ সত্যিই যদি কেউ এমন কাজ করার কথা ভেবে থাকে, সে তো ফলাও করে তা প্রচার করবে না! কিন্তু এত সহজে মানতে রাজি নন গোয়েন্দারা। তাঁরা পুরোদমে মাঠে নেমে পড়েছেন।












Click it and Unblock the Notifications