বেঙ্গালুরুতে কলেজ ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, গত ২৫ অক্টোবর মহীশূর রোডের কেঙ্গেরি এলাকার ওঙ্কার হিলসে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সাধারণত ওঙ্কার হিলসে লোকজনের আনাগোনা কম। জায়গাটি নির্জন। ঘটনার দিন বিকেলে হঠাৎ আবির্ভাব হয় সঞ্জীব মূর্তির। ২৮ বছরের ওই যুবক পেশায় গাড়িচালক। প্রথমে সে যুবতীর কাছ থেকে টাকাপয়সা কেড়ে নেয়। তাঁর প্রেমিকের ফোন কেড়ে নিয়ে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। তার পর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে তার প্রেমিকের সামনেই। এখানেই শেষ নয়! সে মেয়েটির নগ্ন ছবি ছিনিয়ে নেওয়া ফোনটিতে তুলে রাখে বলে অভিযোগ। বলে, এই ঘটনার কথা কাউকে জানালে ছবিগুলি ইন্টারনেটে ছড়িয়ে দেবে।
ঘটনার পর ওই তরুণী বিষয়টি কাউকে জানাবে না বলে স্থির করে। কিন্তু অভিযুক্ত তাঁকে ফোন করে টাকা চাইতে থাকে। একবার তিনি টাকা দিয়েও দেন। বারবার টাকা চাওয়ায় শেষ পর্যন্ত মেয়েটি বাড়িতে সব জানান। এর পর কয়েকজন স্বেচ্ছাসেবীর সাহায্য নিয়ে তাঁর পরিবারের লোকজন পুলিশে অভিযোগ করে। ছিনিয়ে নেওয়া সেই ফোনের সিগন্যালের সূত্র ধরে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় সঞ্জীব মূর্তিকে।
বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) অলোক কুমার বলেন, "অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্ষিতা এবং ধর্ষণকারী, দু'জনের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে।"












Click it and Unblock the Notifications