রাজভবনে নীতীশ কুমার! ম্যাজিক সংখ্যা কোন দিকে? কতটা টেক্কা দিতে পারবেন বিহারের মুখ্যমন্ত্রী
গত কয়েকদিন ধরে বিহারে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। নীতীশ কুমারের জেডিইউ-এর মহাজোট ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যাওয়ার জল্পনা তুঙ্গে। তারই মধ্যে শুক্রবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর নীতীশ কুমার মহাজোট সরকারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ২৮ জানুয়ারি রবিবার এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
বিহারের রাজনৈতিক উত্তেজনার মধ্যে একদিকে জেডিইউ তাদের সব বিধায়ককে অবিলম্বে পটনায় পৌঁছতে বলেছে। থেমে নেই লালু যাদবের আরজেডিও। তারাও রাবড়ি দেবীর বাসভবনে বিধায়কদের জরুরি বৈঠক ডেকেছে। নীতীশ কুমার মহাজোট ছেড়ে গেলে সরকার তৈরির বিকল্প নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

বর্তমানে এনডিএ-র সঙ্গে থাকা হিন্দুস্তানি আওয়ামি মোর্চার নেতা জিতেন রাম মাঞ্ঝির সঙ্গে কথা বলে লালু প্রসাদ যাদব তাঁর ছেলেকে উপ মুখ্যমন্ত্রী করার প্রস্তাবও দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও জিতেন রাম মাঞ্ঝি বলেছেন, তিনি এনডিএ-র সঙ্গে আছেন, তাদের সঙ্গেই থাকবেন। তবে সবকিছুই আটকে ম্যাজিক ফিগারে। ২৪৩ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হল ১২২।
বিহার বিধানসভায় ৭৯ সদস্য নিয়ে আরজেডি বৃহত্তম দল আর ৭৮ জন বিধায়ক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। ৪৫ বিধায়ক নিয়ে তৃতীয় জেডিইউ। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের থাকে প্রথম দুই দলই অনেক পিছনে রয়েছে। এছাড়াও বিহারে কংগ্রেসের ১৯ ও বামেদের ১৬ জন বিধায়ক রয়েছেন।
আরজেডির সঙ্গে যদি কংগ্রেস ও বামেদের বিধায়ক সংখ্যা যোগ করা যায়, তাহলে মোট সংখ্যা ১১৪-তে পৌঁছে যায়, যা ম্যাজিক ফিগারের থেকে আট কম। আবার বিজেপির ৭৮-এর সঙ্গে জেডিইউ-এর ৪৫ ও হাম-এর ৪ যোগ করলে সংখ্যাটা পৌঁছে যায় ১২৭-এ। যা ম্যাজিক ফিগার থেকে পাঁচ বেশি।
অন্যদিকে, যদি হাম-এর চার ও ওয়াইসির দলের একজনকে আরজেডি-কংগ্রেস-বামেদের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে তা ম্যাজিক ফিগার থেকে তিন কম থাকে। যে কারণে নীতীশ কুমার মহাজোট ছেড়ে গেলে আরজেডি সরকার গঠনের আশা করে যাচ্ছে। তারা ইতিমধ্যেই বেশ কয়েকজন জেডিইউ বিধায়কের সঙ্গেও যোগাযোগ করেছে। এই পরিস্থিতিতে যদি জেডিইউ-এর অন্তত ছয়জন বিধায়ক ইস্তফা দেন, তাহলে বিহার বিধানসভায় সদস্য সংখ্যা কমে ২৩৭ হবে এবং ম্যাজিক ফিগার ১১৯ হয়ে যাবে। সেই অবস্থায় মহাজোট সরকার গঠন সম্ভব বলেও মনে করছে আরজেডি।












Click it and Unblock the Notifications