নরেন্দ্র মোদীকে সমর্থন, ফতোয়া সলমনের বিরুদ্ধে

কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুড়ি উড়িয়ে মুসলিম ধর্মগুরুদের একাংশের কোপে পড়েন সলমন। তার পর তিনি প্রকাশ্যে বলে বসেন, ২০০২ সালের গুজরাত দাঙ্গার জন্য নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দরকার নেই। কারণ তাঁকে ক্লিনচিট দিয়েছে আদালত। এতেই যেন আগুনে ঘি পড়ে! অবশেষে ফতোয়া দেন ওই ক্ষুব্ধ ধর্মগুরুরা।
অল ইন্ডিয়া উলেমা কাউন্সিলের সদস্য মৌলানা এজাজ কাশ্মীরি বলেছেন, "গুজরাত দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দরকার নেই বলে সলমন খান যে মন্তব্য করেছেন, তা উসকানিমূলক এবং লজ্জাজনক। এটা মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছে। সব মুসলিমকে আহ্বান জানাচ্ছি, আপনারা ওঁর সিনেমা বয়কট করুন। সেই সব জিনিস কিনবেন না, যার বিজ্ঞাপনে সলমন খানকে দেখা যায়।"
আরও এক ধর্মগুরু, তাঞ্জিম আইমা মসজিদের সাধারণ সম্পাদক মৌলানা খলিলুর রহমান নুরি বলেন, "মুসলিমদের কাছে নিজের ভাবমূর্তি তুলে ধরার জন্য নরেন্দ্র মোদী অনেক কিছু করবেন, এটা স্বাভাবিক। দাঙ্গার সময় মেয়েরা, শিশুরা যে কষ্ট পেয়েছে, তা কি সলমন খান অনুভব করেছেন? দাঙ্গাপীড়িতদের পুনর্বাসনে কী করা হবে, তা এখনও জানা যায়নি।"
এদিকে, এই ফতোয়ার কড়া নিন্দা করেছেন অভিনেতার বাবা সেলিম খান। তিনি এদিন বলেন, "আমার ছেলে খারাপ কিছু বলেনি। এ দেশে কত মুখ্যমন্ত্রীর রাজত্বেই তো ধর্মীয় হানাহানির ঘটনা ঘটেছে। সে কথা কেউ মনে রেখেছে কি? আসলে নরেন্দ্র মোদী ভোটে জিতে ক্ষমতায় থেকেছেন আর এখন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শামিল হয়েছেন, সেই কারণে তাঁকে নিয়ে চর্চা হচ্ছে।"












Click it and Unblock the Notifications