মণিপুর পুলিশে প্রশিক্ষণরত দুইদলের মধ্যে সংঘর্ষ! উত্তপ্ত অসমের পুলিশ অ্যাকাডেমি
এবার মণিপুর পুলিশে প্রশিক্ষণরত দুইদল ক্যাডেটের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে সাতজন। প্রসঙ্গত অসমের গোলাঘাট জেলার লাচিত বোরফুকান পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেয় মনিপুর পুলিশের ক্যাডেটরা। এক সরকারি আধিকারিক এই খবর জানিয়েছেন। পাশাপাশি অসম পুলিশের ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং পুলিশ অ্যাকাডেমিতে তরুণ প্রশিক্ষণপ্রার্থীদের মধ্যে হাতাহাতির খবর স্বীকার করে নিয়েছেন।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার রাতে খাবারের সময় স্থানীয় বাজার থেকে মদ নিয়ে আসার পর দুই প্রশিক্ষণরতকে গালাগালি ও ধাওয়া করতে পাল্টা ধাওয়া শুরু হয়। এরপরেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকজন আহত হন সেই সংঘর্ষে।

ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, হাতাহাতির ফলে সাত পরীক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আর বিকা চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
অসম পুলিশের ডিজি জানিয়েছেন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের নির্দেশাবলী, প্রটোকলগুলিকে অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, প্রশিক্ষণ কেন্দ্রের নির্দেশই হল কোনও নীতি থেকে বিচ্যুত হওয়া যাবে না। এছাড়া কোনও বিভ্রান্তিকর আচরণ কঠোর প্রক্ষিশণ ব্যবস্থার মাধ্যমে সংশোধন করা হয় বলেও জানিয়েছেন তিনি। অসম পুলিশের ডিজি জানিয়েছেন, রাতের খাবার বিতরণকে কেন্দ্র করে প্রশিক্ষণপ্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছিল।
তিনি আরও জানিয়েছেন, বিষয়টির সমাধান হয়ে গিয়েছে। আইডিজি ও ডিআইজি ট্রেনিং সেখানে রয়েছেন। অসম পুলিশের উপস্থিতিতে মাটিতে বসে থাকা প্রশিক্ষণপ্রার্থীদের বেশ কয়েকটি ছবি তিনি শেয়ারও করেছেন। পুলিশ অ্যাকাডেমির এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করতে একজন সিনিয়র আইপিএসকে নিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে মণিপুর পুলিশের তরফে একজন শীর্ষ কর্তা এম প্রদীপ সিংকে অসমের পুলিশ অ্যাকাডেমির পরিস্থিতি খতিয়ে দেখতে নিযুক্ত করা হয়েছে। মণিপুর পুলিশের তরফে দাবি করা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছে মণিপুর পুলিশ।












Click it and Unblock the Notifications