গোবর দিয়ে তৈরি চিপ বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে, দাবি রাষ্ট্রীয় কামধেনু আয়োগ প্রধানের
গোবর দিয়ে তৈরি চিপ বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে, দাবি রাষ্ট্রীয় কামধেনু আয়োগ প্রধানের
গরুর গোবরে বিকিরণ প্রতিরোধ ও হ্রাস করার ক্ষমতা রয়েছে এবং তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, দাবি করেছেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগ চেয়ারম্যান বল্লভভাই কাথিরিয়া। গরুর গোবরের গুণগত মানের তালিকা তৈরি করে কাথিরিয়া এও দেখান যে গরুর গোবর দিয়ে তৈরি চিপ মোবাইল ফোনে থাকলে তা ব্যবহারের সময় তা বিকিরণ প্রতিরোধ করবে এবং মানবদেহে প্রভাব ফেলবে না।

গোবর দিয়ে তৈরি বিকিরণ চিপ
সোমবার এক সাংবাদিক সম্মেলনে কাথিরিয়া বলেন, ‘গরুর গোবর সকলকে রক্ষা করে, এটি বিকিরণ-রোধক। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। গরুর গোবর দিয়ে তৈরি জিনিস বাড়িতে রাখলে তা বিকিরণ থেকে মানুষকে রক্ষা করবে।' এরপর গোবর দিয়ে তৈরি একটি চিপ দেখিয়ে বলা হয়, ‘এই বিকিরণ চিপ মোবাইল ফোনে ব্যবহার করলে তা বিকিরণ হ্রাস করতে সহায়তা করবে। এটা ফোনের মধ্যে রাখলে রোগের বিরুদ্ধে এটি রক্ষা কবচের মতো কাজ করবে।'

কামধেনু আয়োগ গঠিত হয় ২০১৯ সালে
প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত রাষ্ট্রীয় কামধেনু আয়োগ কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত পণ্য মন্ত্রকের অধীনে। এই দফতরের প্রধান লক্ষ্য হল গরুর সংরক্ষণ, সুরক্ষা ও উন্নয়ন। সম্প্রতি, বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে বলতে শোনা গিয়েছে, আয়ুর্বেদিক কারণে তিনি প্রতিদিন গোমুত্র পান করেন।

গোসত্ত্ব কবচ
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গরুর গোবর দিয়ে তৈরি এই চিপের নাম ‘গোসত্ত্ব কবচ'। কাথারিয়া জানিয়েছেন, কেউ যদি নিজেকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে চান তবে তাঁর এই এই চিপ ফোনে ব্যবহার করা দরকার। রিপোর্টে বলা হয়েছে, গোসত্ত্ব কবচ তৈরি করেছে গুজরাতের শ্রীজি গোশালা।

চিপের মূল্য ৫০–১০০ টাকা
কাথারিয়া জানিয়েছেন, দেশে ৫০০ বেশি গোশালায় তৈরি হচ্ছে এই বিশেষ বিকিরণ-রোধক চিপ। এক-একটির দাম ৫০-১০০ টাকা। এমনকী, ওই চিপ সুদূর মার্কিন মুলুকে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। সেখানে এক-একটি চিপ ১০ মার্কিন ডলারে বিক্রি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications