ভারত-চিন সীমান্তে প্রেমের আঘাত! বিয়ে করতে মধ্যপ্রদেশে চিনা তরুণী
কোনও সীমান্তই প্রেমকে আটকে রাখতে পারে না। আবারও তাপ্রমাণ হয়ে গেল। প্রেম যে জাতি ও ধর্মের ঊর্ধ্বে তা প্রমাণ করলেন মধ্যপ্রদেশের বাসিন্দা সত্যর্থ মিশ্র ও চিনা নাগরিক জি হাও। সাতপাকে বাঁধা পড়লেন এই দুই ভিনদেশী।

বছর পাঁচেক আগে কানাডার শেরিডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে সত্যর্থর সঙ্গে পরিচয় হয়েছিল হাও-এর। প্রথমে বন্ধুত্ব। সেখান থেকে প্রণয়। অবশেষে নিজেদের প্রেমকে পরিনয়ের মাধ্যমে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন দুজনই। নিজেদের পরিবারকে মানাতে হয়েছে। অবশেষে রবিবার, ভারতীয় শাস্ত্রমতে শেষ পর্যন্ত জীবনের পথ চলা শুরু হল সত্যর্থ ও জি-এর।
বিয়ে করতে ২৯ জানুয়ারি ভারতে এসেছেন চিনের এই তরুণী। সত্যর্থর বাড়ি মন্দসৌরে। সেখানেই সত্যর্থর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জি। এর আগে, শনিবার দুজনের একটি বাগদানের অনুষ্ঠানও হয়। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। দুই পরিবারের মধ্যে জাতি, ধর্ম, সংস্কৃতি, রীতি ও প্রথার বিস্তর ফারাক। কিন্তু, তা সত্ত্বেও বিয়েতে দেখা যায় উভয় পরিবারের এক সঙ্গে আনন্দ করার মুহূর্ত।
চিনেও একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু, করোনাভাইরাস প্রকোপের কারণে, সেই পরিকল্পনা আপাতত স্থগিত। এদিকে জি হাও জানান, ভারত সুন্দর দেশ, এখানকার মানুষ সুন্দর, এখানকার খাবারও দারুন। তিনি ভারতকে ভীষণ রঙীন ও দুর্দান্ত হিসেবে বর্ণনা করেন।












Click it and Unblock the Notifications