জারি ডিজিটাল স্ট্রাইক! টিকটকের পর আরও চিনা অ্যাপ সরানো হচ্ছে অ্যাপ স্টোর থেকে
কয়েকদিন আগেই আরও ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ টেলিকম মন্ত্রকের তরফে সুরক্ষা বিষয়ে পর্যালোচনার পরই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, এই ৪৭টি অ্যাপ আগের নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল৷ প্রসঙ্গত, গত মাসে টিকটক, উইচ্যাট-সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করার পর এই পদক্ষেপ করা হল৷ এবার অ্যাপ স্টোর থেকেও সরছে নিষিদ্ধ হওয়া নতুন ৪৭টি অ্যাপ।

গোপনীয়তা লঙ্ঘন
জাতীয় সুরক্ষা ও ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের জন্য মোট ২৭৫টি অ্যাপ কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে৷ পাবজির মতো জনপ্রিয় অ্যাপও এই তালিকায় রয়েছে৷ এই অ্যাপগুলির উপর শীঘ্রই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে খবর৷ বাতিল হওয়া নতুন ৪৭টি অ্যাপের মধ্যে রয়েছে বাইডু সার্চ ও উইবো। এগুলি চিনের গুগল সার্চ ও টুইটারের নকল। এই অ্যাপগুলিকে এবারে ভারতের অ্যাপস্টোর থেকে সরানো হল।

অন্যান্য অ্যাপের উপর নজরদারি
রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র এমন কিছু অ্যাপের উপরও নজর রাখছে যেগুলি সরাসরি চিনের না হলেও এগুলির উপর চিনের বিনিয়োগ রয়েছে৷ আগে আমেরিকাও চিনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা-ভাবনা করেছিল৷ কারণ, আমেরিকা প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছিল, চিনের এই অ্যাপগুলি বেজিঙে তথ্য পাচার করে থাকে৷ তবে আমেরিকার আগেই ভারত অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে৷

কোন ধারায় অ্যাপ বাতিল?
এর আগে ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ করার পর কেন্দ্রের তরফে জানানো হয়েছিল 'তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে নিজের ক্ষমতা প্রয়োগ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক৷ কারণ এই ৫৯টি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জরুরি তথ্য প্রকাশ্যে চলে আসছে৷

কেন্দ্রের তরফে যা বলা হয়
আরও বলা হয়, এই তথ্যগুলিকে এমন কিছু কাজে ব্যবহার করা হচ্ছে, যা ভারতের সার্বভৌমত্ব-অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক৷ একই সঙ্গে বিষয়টি একটি আতঙ্কের সৃষ্টি করেছে৷ তাই এই বিষয়গুলি মাথায় রেখে চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷












Click it and Unblock the Notifications