লাদাখ সীমান্তে উত্তেজনার মাঝেই ভারত-চিন-রাশিয়া বৈঠক, প্রস্তুতি নিচ্ছে দিল্লি! আলোচনা হবে কী নিয়ে?
প্রায় এক মাসের বেশি সময় ধরে লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারত ও চিনের সেনা। কূটনৈতিক-সেনা স্তরে আলোচনা হলেও মেটেনি সমস্যা। এরই মাঝে আগামী ২২ জুন চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ইয়ি-র সঙ্গে ভিডিও মারফত বৈঠক করবেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কী নিয়ে আলোচনা হবে বৈঠকে?
ভারত-চিনের পাশাপাশি বৈঠকে রাশিয়ার বিদেশমন্ত্রীও বৈঠকে থাকবেন। বর্তমানে সীমান্তে উত্তেজনার ফলে খুব বড় একটা পদক্ষেপ হতে চলেছে এই বৈঠক। জানা গিয়েছে, বিশ্বজুড়ে করোনা অতিমারীর প্রকোপ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা মজবুত করতে এই বৈঠক ডাকা হয়েছে।

ভারত-চিন উত্তেজনা
বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটে চিনের পিপল লিবারেশন আর্মির সেনা দল। ভারতও তাদের সেনাকে সরিয়ে নেয়। তবে সেনা সরালেও এখনও লাদাখের খুব কাছেই এখনও ট্যাঙ্ক সহ চিনের ১০ হাজার সেনা উপস্থিত রয়েছে।

এস জয়শংকরের মুখোমুখি ওয়্যাং ইয়ি
ভারত ও চিনের মধ্যে সাম্প্রতিক সীমান্ত বিবাদের কোনও সম্পর্ক নেই এবং বৈঠকে তা উত্থাপন হওয়ার সম্ভাবনাও নেই। তবে বিতর্ক শুরু হওয়ার পরে এই প্রথম মুখোমুখি আলোচনায় বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ইয়ি।

বৈঠক নিয়ে এখনও চুপ ভারত
এর আগে গত ১৩ মে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এ অন্তর্ভুক্ত রাষ্ট্রনেতাদের অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন এই দুই নেতা। তবে তখনও সীমান্তে ভারত-চিন সংঘর্ষের সবিস্তার তথ্য প্রকাশ্যে আসেনি। এদিকে ২২ জুনের বৈঠক সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনও প্রচার শুরু করেনি ভারতের বিদেশ মন্ত্রক। জানা যায়নি, শেষ পর্যন্ত আলোচনায় সীমান্ত সংঘর্ষ ঠাঁই পেতে চলেছে কি না।












Click it and Unblock the Notifications