Lok Sabha Election 2024: ভারতের নির্বাচনেও চিনা প্রভাব, সৌজন্যে এআই! বিস্ফোরক রিপোর্ট মাইক্রোসফ্টের
দুয়ারে ভারতের লোকসভা নির্বাচন। হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরই শুরু হয়ে যাবে ভোটগ্রহণ পর্ব। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। বিশেষ করে এশিয়ার দেশগুলি। তবে ভারতের লোকসভা নির্বাচনে প্রভাব খাটাতে পারে চিন। তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। মাইক্রোসফটের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।
মাইক্রোসফ্ট সতর্ক করেছে যে চিন কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) ব্যবহার করে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার আসন্ন নির্বাচনে প্রভাব খাটানোর প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনের সময় চিন এই বিষয়ে একটি ট্রায়াল রান পরিচালনা করে, ভারতেও ফলাফলকে প্রভাবিত করার জন্য এআই ব্যবহার করতে পারে চিন।

মাইক্রোসফ্টের রিপোর্টে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে এআই-র মাধ্যমে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল চিন। মাইক্রোসফ্টের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কোনও রাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এ ভাবে অন্য রাষ্ট্রের নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছে, তাইওয়ান-নির্বাচনের আগে এমন ঘটনা তাদের চোখে পড়েনি।
শুধু মাত্র তাইওয়ানের নির্বাচনে এই নীতি প্রয়োগ করে যে চিন সন্তুষ্ট থাকবে না তাও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। সেখানে বলা হয়েছে, ''শুধু তাইওয়ানের নির্বাচনে প্রভাব খাটিয়েই থেমে থাকবে না চিন। তাদের লক্ষ্য আরও অনেক দূর। এর জন্য তারা ক্রমাগত উন্নততর প্রযুক্তি ব্যবহার করে চলেছে।''
মাইক্রোসফটের রিপোর্টে প্রার্থীদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ভাইরাল করার এই টেকনোলজির বিষয়ে উল্লেখ রয়েছে। সংস্থার দাবি সবটাই হয়েছে চিন করবে এআই-এর সাহায্যে। টেলিভিশনের নিউজ চ্যানেলগুলির সঞ্চালকদের গলা নকল করে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। এই ধরণের ঘটনার ভারতের লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও হতে পারে বলে অনুমান।
চিনের মূল উদ্দেশ্য, প্রতিবেশী দেশ ভারতের নির্বাচনের ফলকে এমনভাবে প্রভাবিত করা যাতে পরোক্ষে নিজেদের অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি করা সম্ভব হয়।বিশ্ব জুড়ে, ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও অন্তত ৬৪টি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে চলতি বছরে। এই দেশগুলি সম্মিলিতভাবে বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ। এরমধ্যে উল্লেখযোগ্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।












Click it and Unblock the Notifications