পাঁচের নীচে শিশুদের বায়োমেট্রিক তথ্যের প্রয়োজন নেই, টুইট আধার কর্তৃপক্ষের
পাঁচের নীচে শিশুদের বায়োমেট্রিক তথ্যের প্রয়োজন নেই
দেশের সমস্ত নাগরিকের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে এলপিজি গ্যাস সংযুক্তি সমস্ত ক্ষেত্রে আধার কার্ডের থাকা জরুরি। তবে এবার শিশুদের জন্য নতুন নিয়ম চালু করল আধার কার্ড কর্তৃপক্ষ। আধার কার্ডের জন্য আঙুলের ছাপ ও চোখের স্ক্যান এবার থেকে আর প্রয়োজন নেই পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে। এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)।

নীল রঙের আধার কার্ড
ইউআইডিএআই জানিয়েছে যে পাঁচ বছরের নীচে শিশুদের নীল রঙের শিশু আধার কার্ড দেওয়া হবে। তবে আধার কর্তৃপক্ষ এর সঙ্গে এও জানিয়েছে যে পাঁচ বছর হয়ে যাওয়ার পর শিশুর বায়োমেট্রিক তথ্য আপডেট করতে লাগবে।

শিশুদের বায়োমেট্রিক তথ্যের দরকার নেই
ইউআইডিএআই টুইটে জানিয়েছে, 'আধার কার্ডে যখন ৫ বছরের কম বয়সী শিশুদের নাম নথিভুক্ত করা হবে তখন আঙুলের ছাপ ও চোখের স্ক্যান ক্যাপচার হবে না, শুধু ছবি তোলা হবে। তবে শিশুর যখনই পাঁচ বছর বয়স হবে, তখন বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করাতে হবে।'

শিশুর মা–বাবা দেবে প্রমাণীকরণ
ইউআইডিএআই অনুযায়ী, যদি কোনও শিশুর বয়স পাঁচ বছরের কম থাকে, তবে তার কোনও অভিভাবক বা তার মা-বাবার একজনকে সন্তানের হয়ে প্রমাণীকরণ দিতে হবে এবং নাম নথিভুক্তের ফর্মে স্বাক্ষর করে শিশুটিকে নথিভুক্ত করার জন্য সম্মতি প্রদান করতে হবে। আধার কর্তৃপক্ষের তরফে এও বলা হয়েছে যে যদি শিশুটি প্রবাসী হয়, তবে পরিচয়ের প্রমাণ স্বরূপ বৈধ ভারতীয় পাসপোর্ট বাধ্যতামূলক। এমনকী যদি শিশুটি ভারতের নাগরিক হয়, তবে জন্মের শংসাপত্রের মতো সম্পর্কের দলিল, এর সঙ্গে মা-বাবার আধার সহ বৈধ প্রমাণ নাম নথিভুক্ত করার জন্য ব্যবহার করা যেতে পারে।

৫ থেকে ১৮ বছরের মধ্যে বয়স হলে
ইউআইডিএআই জানিয়েছে যে শিশুর বয়স যদি ৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে হয়, তবে মা-বাবা বা অভিভাবকের কেউ একজন সেই নাবালক/নাবালিকার হয়ে নাম নথিভুক্তের ফর্মে সম্মতি প্রদান করে স্বাক্ষর করবেন।

আধার কার্ড গুরুত্বপূর্ণ তথ্য
প্রসঙ্গত, ১২ সংখ্যার ইউনিক নম্বরের এই আধার কার্ড, যা ইউআইডিএআই ভারেতর সব নাগরিকদের জন্য জারি করেছে, এটি নতুন যুগের একটি তথ্য যা গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের কাজ করে। আধার কার্ড তৈরির সময় নাগরিকদের থেকে ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়।












Click it and Unblock the Notifications