দিল্লি সরকার অবুঝ, কেজরিওয়ালের উপর খাপ্পা হয়ে মন্তব্য চিদাম্বরমের!
শুক্রবারই রাষ্ট্রদ্রোহের মামলায় বাম নেতা ও প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারকে বিচারের অনুমোদন দিল দিল্লি সরকার। ২০১৬ সালের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় রাষ্ট্রদ্রোহ মামলায় কানহাইয়ের বিরুদ্ধে এতদিনে মামলা দায়ের করে বিচারপ্রক্রিয়া শুরু হল। তবে দিল্লি সরকারের এই সিদ্ধান্তে বেজায় চটেছএন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম।

কানহাইয়া কুমারের বিরুদ্ধে মামলা দিল্লি সরকারের
দীর্ঘ সাত মাস ধরে কানহাইয়া কুমারদের এই মামলাটি দিল্লির আম আদমি পার্টির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের কাছে বিবেচনাধীন ছিল। এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর উপর দায়িত্ব বর্তায়। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন, সিদ্ধান্তটি একমাত্র স্বরাষ্ট্র দফতরের বিচারবিভাগীয় শাখা নিয়েছে।

আপ-এর সিদ্ধান্তে কেন্দ্রের হস্তক্ষেপ?
এদিকে আপ-এর এই সিদ্ধান্তের পিছনে কেন্দ্রের হাত বা হস্তক্ষেপের তত্ত্ব উঠে এলে তা খারিজ করে দেন মুখ্যমন্ত্রীর দফতরের সেই আধিকারিক। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় বা অন্য কোনও বিভাগ আইনি সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করে না। ওই আধইকারিক আরও জানান, দিল্লির স্বরাষ্ট্র বিভাগ এ ক্ষেত্রে আইনজীবিদের সুপারিশ নিয়ে সব দিক বিশ্লেষণ করার পরে সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র বিভাগের প্রসিকিউশন শাখা এই সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রের মতো অবুঝ দিল্লি সরকার : চিদাম্বরম
এদিকে বিজেপি-আপ আঁতাত খারিজ করা হলেও দুই দলকে একই সূত্রে গেঁথে দিলেন পি চিদাম্বরম। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'কেন্দ্রীয় সরকারের মতো দিল্লি সরকারও রাষ্ট্রদ্রোহ আইনের বিষয়টি বুঝতে পারেনি। তারা এই বিষয়ে অবহিত নয়। আমি কানহাইয়া কুমার এবং অন্যদের বিরুদ্ধে আইপিসির ধারা ১২৪এ এবং ১২০বি এর অধীনে অপরাধের অভিযোগে এই মামলা মেনে নিতে পারছি না।'

২০১৮ সালে কানহাইয়ার বিরুদ্ধে মামলা করে দিল্লি পুলিশ
প্রসঙ্গত, ২০০২ সালের পার্লামেন্ট হামলার আসামী আফজল গুরুর মৃত্যুদণ্ডের রায় প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির সময় ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কানহাইয়া কুমার 'দেশবিরোধী' স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল। দিল্লি পুলিশের ২০১৮ সালের ১৪ জানুয়ারি কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য এবং সাত কাশ্মীরি শিক্ষার্থী-সহ ১০ জেএনইউ শিক্ষার্থীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিলেন।












Click it and Unblock the Notifications