ইয়েস ব্যাঙ্কের শেয়ার কিনতে বাধ্য করা হচ্ছে এসবিআইকে? সরকারকে তোপ চিদাম্বরমের!
ইয়েস ব্যাংক সঙ্কট-কাণ্ডে কেন্দ্রের সমালোচনায় মুখর প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। প্রাক্তন অর্থমন্ত্রীর মতে, 'এসবিআইয়ের সাহায্যে ইয়েস ব্যাঙ্ককে চাঙ্গা করার সিদ্ধান্তে পরিকল্পনার অভাব রয়েছে। তাঁর যুক্তি, 'ইয়েস ব্যাংককে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। পরিকল্পনা অনুযায়ী ৪৯ শতাংশ মালিকানা কিনতে প্রায় ২৪৫০ কোটি টাকা লাগবে। বর্তমানে প্রতি শেয়ার ১০ টাকার কম নয়। অথচ ব্যাঙ্কের সম্পত্তির পরিমাণ শূন্য।'

এসবিআইকে বাধ্য করা হয়েছে ইয়েস ব্যাঙ্কের শেয়ার কিনতে?
এরপর কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, 'কোন পরিকল্পনা থেকে এসবিআই স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিল আমার ধারনা নেই। ঠিক যেভাবে এলআইসি-কে বাধ্য করা হয়েছিল আইডিবিআইয়ের শেয়ার কিনতে। পরিকল্পনাহীন লোন বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেই লোন, বাজার থেকে কীভাবে ব্যাঙ্কের কোষাগারে ফিরিয়ে আনা সম্ভব, তার দিশা দেখানো ছিল না।'

নির্মলা সীতারমনকে কটাক্ষ চিদাম্বরমের
এদিকে শুক্রবারই ইয়েস ব্যাংককে দেউলিয়ার হওয়ার হাত থেকে বাঁচাতে একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই ইয়েস ব্যাঙ্কের আর্থিক মন্দার জন্য কংগ্রেসকে দায়ি করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজকের সাংবাদিক বৈঠকে তা নিয়েও বর্তমান অর্থমন্ত্রীকে কটাক্ষ করেন চিদম্বরম । বলেন, 'মাঝে মাঝে অর্থমন্ত্রীর কথা শুনে মনে হয়, এখনও ইউপিএ সরকার ক্ষমতায় রয়েছে। আমি অর্থমন্ত্রী। আর উনি বিরোধী।'

ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে পদক্ষেপ আরবিআই-এর
এদিকে ইয়েস ব্যাংকের আর্থিক অবস্থার শোচনীয় পরিস্থিতি দেখে আসরে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওই ব্যাঙ্কটি যাতে ফের ঘুরে দাঁড়াতে পারে তার জন্যে নির্দিষ্ট পরিকল্পনামাফিক কাজ করতে চান তাঁরা, শুক্রবারই জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।

২৪৫০ কোটি টাকা ব্যয় করে ইয়েস ব্যাঙ্কের শেয়ার কিনবে এসবিআই!
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ কেন্দ্র ইতিমধ্যে সেই পরিকল্পনায় সায় দিয়েছে বলেও জানা গেছিল। এবার তা সত্যি হওয়ার পথে। আজ দুপুরে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানান, ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ মালিকানা কিনতে পারে স্টেট ব্যাঙ্ক। এক্ষেত্রে প্রায় ২৪৫০ কোটি টাকা ঢালতে হবে ব্যাঙ্ককে।

ধস নেমেছে ইয়েস ব্যাঙ্কের শেয়ারে!
মূলধন সমস্যা এবং বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাঙ্ক থেকে আগামী একমাস ৫০ হাজার টাকার বেশি তোলার উপরে বৃহস্পতিবারই নিষেধাজ্ঞা জারি করে ভারতের শীর্ষ ব্যাঙ্ক। ৩ মার্চের এই নির্দেশিকার পর ইয়েস ব্যাংকের শেয়ার বাজারে ধস নামে, ৮৫ শতাংশ কমে যায় তাদের শেয়ারের দাম।












Click it and Unblock the Notifications