Chhattisgarh Election Results 2023: সকালে ছত্তিশগড় রোলার কোস্টার! বেলা বাড়তেই ফলাফল বিজেপির দিকে
Chhattisgarh Election Results 2023: সকাল থেকে ছত্তিশগড়ের ফলাফলে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ওপর-নিচ হয়েই চলেছে। কখনও বিজেপি এগিয়ে তো কখনও কংগ্রেস। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিজেপি ৫৭ টি আসনে এবং কংগ্রেস ৩১ টি আসনে এগিয়ে রয়েছে।
এদিন সকালে একটা সময় প্রাথমিক ফলাফলের নিরিখে কংগ্রেস ৪৫ টি আসনে এগিয়ে ছিল। বিজেপি সেই সময় ছিল ৪৪ টি আসনে এগিয়ে। পরে অবশ্য বিজেপি ফের এগিয়ে যায়। বিজেপি ৪৮-কংগ্রেস ৪০। তারপর এই ব্যবধান আরও বাড়ে। তবে এবার সেখানে বিজেপির সরকার গঠনের ব্যাপারে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি অরুণ সাউ। তিনি বলেছেন, কংগ্রেসের দুঃশাসন শেষ হতে চলেছে।

বিজেপির তরফে অভিযোগ করে বলা হয়েছে, গত পাঁচ বছরে কংগ্রেস ছত্তিশগড়কে ধ্বংস করেছে। ছত্তিশগড়ের মানুষ জানে একমাত্র বিজেপিই রাজ্যকে বাঁচাতে পারে। তাই তারা বিজেপিকেই আশীর্বাদ দিয়েছে।
মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পাটন আসন থেকে পিছিয়ে রয়েছেন। দ্বিতীয় রাউন্ড গণনার পরে তাঁর ভাইপো বিজয় বাঘেল এগিয়ে গিয়েছেন। অন্যদিকে রাজনন্দগাঁও থেকে এগিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। কেন্দ্রীয় মন্ত্রী ও সারগুজার সাংসদ রেণুকা সিং ভরতপুর সোনহাট আসনে পিছিয়ে রয়েছেন। সেই আসন থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেসের গুলাম সিং কামরো।
রাজ্য কংগ্রেসের প্রধান দীপক কুমার বেজ চিত্রকোট আসন থেকে পিছিয়ে রয়েছেন। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির বিনায়ক গোয়েল।
প্রসঙ্গত ২০১৮ সালে বিজেপির টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ৯০ টি আসনের মধ্যে ৬৮ টি আসনে জয়লাভ করে ক্ষমতা দখল করে কংগ্রেস। বিজেপি নেমে যায় ১৫ টি আসনে। জেসিসি(জে) পাঁচটি ও বিএসপি দুটি আসনে জয় পায়। পরে উপনির্বাচনে আসন সংখ্যা বাড়িয়ে কংগ্রেস পৌঁছে গিয়েছিল ৭১ টিতে।












Click it and Unblock the Notifications