Chhattisgarh Election 2023: কংগ্রেস কি প্রথম দফার পরে ভয় পাচ্ছে? মুখ্যমন্ত্রী বাঘেলের ঘোষণাকে নিশানায় রমন সিং
Chhattisgarh Assembly Election 2023: দুদিন পরেই ছত্তিশগড়ের বাকি ৭০ টি আসনে নির্বাচন। ১৫ নভেম্বর বিকেলে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে। এদিকে গত ৭ নভেম্বর প্রথম দফার নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যের মহিলাদের বছরে ১৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং।
রমন সিং বলেছেন, কংগ্রেস প্রথম দফার ভোটের পরে ভয় পেয়েছে। তাই মহিলাদের জন্য বড় ঘোষণা করেছে। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে, গতবার কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছিল।

কংগ্রেসকে নিশানা করে রমন সিং বলেছেন, প্রথম দফার নির্বাচনের পরে কংগ্রেস নার্ভাস হয়ে পড়েছে। তিনি আরও বলেছেন, প্রথম পর্বের পরে কংগ্রেস সমীক্ষার যে ফল পেয়েছে, তাতে তারা ভীত। তাই মহিলা ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। কংগ্রেস আতঙ্কে রয়েছে, তাই দিনরাত নতুন ঘোষণা করছে বলেও কটাক্ষ করেন তিনি।
একইসঙ্গে কংগ্রেসের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্য বিজেপি সভাপতি অরুণ সাউ। তিনি বলেন, বিজেপি যেভাবে মা-বোনেদের সমর্থন পাচ্ছে, তাতে কংগ্রেস ভয় পেয়েছে। কংগ্রেস নিজেদের পরাজয় মেনে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গত ৭ নভেম্বর প্রথম দফায় ২০ টি আসনে নির্বাচনের পরে কংগ্রেস ও বিজেপি উভয়েই দাবি করে, তারাই প্রথম দফায় এগিয়ে। বিজেপি তাদের ইস্তেহার প্রকাশ করে বলে, রাজ্যে সরকার গঠনের সঙ্গে সঙ্গে সব মহিলাকে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে।
বিজেপির ঘোষণার পরে কংগ্রেসও ঝাঁপিয়ে পড়ে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দীপাবলির দিন ঘোষণা করেন, রাজ্যে কংগ্রেস ফের সরকার গঠন করলে মহিলাদের বছরে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেছেন, আবার কংগ্রেস সরকার গঠনের সঙ্গে সঙ্গে রায়গড় ও কোরিয়া জেলাকে ভাগ করা হবে।












Click it and Unblock the Notifications