Chhattisgarh Assembly Election 2023: প্রধানমন্ত্রীর সফরের আগে মাওবাদী হামলা! কাঙ্কেরে তিন গ্রামবাসীকে হত্যা
Chhattisgarh Assembly Election 2023: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার ছত্তিশগড়ের বস্তারের কাঙ্কের জেলায় মাওবাদী হামলা। পুলিশ ইনফর্মার বলে অভিযোগ করে মাওবাদীরা তিনজন গ্রামবাসীকে হত্যা করেছে।
পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের সীমান্তবর্তী ছোটবেটিয়া থানার আওতাধীন মোরখান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে। মৃতরা হল কুল্লে কাটলামি (৩৫), মনোজ কোভাচি (২২) এবং দুগ্গে কোভাচি (২৭)। তিনজনই পাখাঞ্জুর তহসিলের মোরখান্দির বাসিন্দা।

মাওবাদীরা মধ্যরাতে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে বিজাপুর জেলার গালগাম এবং নাদপল্লি গ্রামের রাস্তার ধারে দেহ ফেলে দিয়ে যায়। তবে এই ঘটনার পরেই নিরাপত্তা বাহিনী মাওবাদীদের সন্ধানে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে।
মাওবাদীরা হত্যাকাণ্ডের জায়গায় ফেলে যাওয়া পামফ্লেটে অভিযোগ করেছে, তিনজনই মাওবাদী বিরোধী অভিযানের জন্য মহারাষ্ট্র পুলিশের তৈরি পুলিশের C60 স্পেশাল ফোর্সের তথ্যদাতা ছিল। এছাড়াও মাওবাদীদের তরফে ৭ নভেম্বর ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নির্বাচন কর্মীদের সতর্ক করেছে।
মাওবাদীদের প্রেসনোটে বলা হয়েছে, বিজাপুরে ২৪৫ টি পোলিং বুথ রয়েছে, ৬ নভেম্বর সেখানে ইভিএম নিয়ে যাওয়া হবে। নির্বাচনী কর্মীদের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনী জীবনের জন্য হুমকি স্বরূপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মাওবাদীরা। তারা বলেছে, নির্বাচনী কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের আবেদন, নির্বাচনী কর্মীরা যেন ভোট কেন্দ্রে না যান।
এদিকে এব্যাপারে প্রশ্ন করা হলে, পুলিশের মহানির্দেশক (বস্তার রেঞ্জ) পি সুন্দররাজ বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। বস্তারের স্থানীয় জনগণ মাওবাদীদের এই আচৎণের জন্য হতাশ ও বিরক্ত বলে মন্তব্য করেছেন এক সরকারি আধিকারিক।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী ২ নভেম্বর কাঙ্কেরে একটি জনসভায় ভাষণ দেবেন। ছত্তিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর দুটি ধাপে বিধানসভা নির্বাচন হতে চলেছে। মাওবাদী প্রভাবিত ২০টি আসনে ভোট নেওয়া হবে ৭ নভেম্বর আর বাকি ৭০টি আসনে ভোট নেওয়া হবে ১৭ নভেম্বর। ভোটগণনা করা হবে ৩ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications