Chennai Air Show Tragedy: বায়ুসেনার মহড়া দেখতে ১৬ লাখের জমায়েত! ভিড়ের চাপে গেল প্রাণ, অসুস্থ বহু
Chennai Air Show Tragedy: বায়ুসেনার মহড়া দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। চেন্নাইয়ের মেরিনা বিচে (Marina Beach) একসঙ্গে প্রায় ১৬ লক্ষ মানুষের জমায়েত। ভিড়ের চাপে বেঘোরে প্রাণ গেল কমপক্ষে ৫ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু।
৮ অক্টোবর বায়ুসেনা দিবস (Indian Air Force Day)। বায়ুসেনার ৯২ তম বর্ষপূর্তি উদযাপনে চেন্নাইয়ের আকাশে আয়োজন করা হয়েছিল যুদ্ধবিমানের মহড়ার (Air Show)। সেই গ্র্যান্ড শো দেখতেই ভিড় জমিয়েছিলেন প্রায় ১৬ লক্ষ মানুষ। জনসমুদ্রে তিল ধারণের জায়গাটুকুও ছিল না।

বিগত দু'দশকে এমন বড় আয়োজন দেখেনি চেন্নাইয়ের মানুষ। লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Limca book of World Record) নাম তোলা ছিল উদ্দেশ্য। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বায়ুসেনার গ্র্যান্ড শো চলবে বলে জানানো হয়। সকাল ৭টা থেকেই ভিড় জমাতে থাকেন উৎসুক দর্শকরা। বেলা বাড়তেই পাল্লা দিয়ে বাড়ে ভিড়।
চড়া রোদে যুদ্ধবিমানের মহড়া দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। প্রায় ১৫০ জনকে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু গরমে অসুস্থ হয়ে (Dehydration) সমুদ্রসৈকতেই মৃত্যুর কোলে ঢলে পড়়েন একের পর এক দর্শনার্থী।
বেলা ১টায় মহড়া শেষ হতেই শুরু হয় হুড়োহুড়ি। ১৬ লক্ষ মানুষকে সঠিকভাবে বের করার জন্য কোনও পরিকল্পনাই পুলিশের ছিল না বলে অভিযোগ। তুমুল হইচই আর ভিড়ের চাপে প্রায় ঘণ্টাখানেক স্তব্ধ হয়ে পড়ে এলাকা। ভিড় সামলাতে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ে পুলিশ প্রশাসন।
এক দর্শনার্থী জানান, "ভিড়ের ঠেলায় দম বন্ধ হয়ে আসছিল। নড়াচড়ার জায়গাটুকুও ছিল না। মেরিনা বিচের পাশের রাস্তায় যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল। যার জেরে তীব্র গরমের মধ্যে ৩ থেকে ৪ কিলোমিটার পথ হেঁটেই যেতে হয়েছিল। যার জেরেও অনেকে অসুস্থ হয়ে পড়েন।"
মর্মান্তিক এই ঘটনায় প্রশ্ন উঠেছে বায়ুসেনার ব্যবস্থাপনা নিয়েও। পর্যাপ্ত জায়গা না থাকা সত্ত্বেও কেন বারবার জমায়েতে বিশ্বরেকর্ডের দৌড়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
ঘটনায় শাসকদল ডিএমকে-কে (DMK) সরাসরি দায়ী করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই (K Annamalai)। নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। রাজনীতির স্বার্থে জনগণের সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন (MK Stalin) ছেলেখেলা করছেন বলেও তোপ দাগে বিজেপি (BJP)।












Click it and Unblock the Notifications