মণিপুর-হরিয়ানার পর এবার উত্তর প্রদেশে উত্তেজনা, মুজফফরনগরে ছড়াচ্ছে অশান্তি
হরিয়ানার অশান্তির রেশ কাটতে না কাটতেই উত্তর প্রদেশে অশান্তির খবর। উত্তর প্রদেশের মুজফফরনগরে ইদগাহ ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাতেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িেয় পড়ে। মুজফফর নগরের চারথাল থানার মথুরা গ্রামে ঘটেছে এই ঘটনা।
গ্রামবাসীরাই প্রথমে দেখতে পান বিষয়টি। ইদগাহের গম্বুজে একটা অংশ ভাঙা ছিল। সেটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুিলশ। পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপতি জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং ইদগাহের গম্বুজের কিছুটা অংশ ভাঙা দেখতে পান তাঁরা।

এলাকায় শান্তি বজায় রাখতে তৎপর প্রশাসন। কারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন সেটা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও গুজব না ছড়ায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে গোটা এলাকায় পুলিশ পেট্রোলিং শুরু হয়েছে।
কয়েকদিন আগেই হরিয়ানার নুহে বিশ্বহিন্দু পরিষদের মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। দুই সম্প্রদায়ের সংঘর্ষে একাধিক জায়গায় দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘদিন হরিয়ানায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
লোকসভা ভোটের আগে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি অভিযোগ করেছেন ২০২৪-র লোকসভা নির্বাচনকে টার্গেট করেই দেশের একাধিক প্রান্তে এইধরনের অশান্তি ছড়ানো হবে। মণিপুরের মতো পরিস্থিতি অনেক জায়গাতেই তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications