Chandrayaan 3 lands on Moon: অযোধ্যায় ভাঙল ধর্মীয় দেওয়াল! ইকবালদের সঙ্গে প্রার্থনা সাধু-ঋষিদেরও
Chandrayaan 3 lands on Moon: চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি। আর এই সফল অবতরণ যাতে হয়, তার জন্য সারা দেশে ধর্মীয় স্থানগুলিতে প্রার্থনা হয়েছে। বাদ যায়নি অযোধ্যাও। সাধু-ঋষিদের সঙ্গে একসঙ্গে প্রার্থনায় সামিল হয়েছিলেন বাবরি মসজিদের প্রাক্তন মামলাকারী ইকবাল আনসারি।
ইকবাল আনসারি চন্দ্রযানের চাঁদে অবতরণের আগে বলেছিলেন চন্দ্রযান থ্রি সফল হলে বাড়িতে দুই রাকাত নমাজ পড়বেন। শুধু ইকবাল আনসারিই নন, মুসলিমদের ধর্মীয় স্থানগুলিতে অনেককেই এনিয়ে নমাজে অংশ নিতে দেখা গিয়েছে।

বুধবার সন্ধে ৬.০৪-এ চাঁদে অবতরণ করে চন্দ্রযান থ্রি। অযোধ্যায় সেই সময় হিন্দু-মুসলিমদের অনেকেই প্রার্থনায় অংশ নিয়েছিলেন। য়সেই ছবিই দেশের উচ্ছ্বাসের অনেক কথাই বলে দিয়েছে।
বাবরি মসজিদের প্রাক্তন মামলাকারী ইকবাল আনসারি বলেছেন, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অযোধ্যার সব ঋষি-সাধুদের দৃষ্টি চন্দ্রযান থ্রি-র দিকে রয়েছে। অযোধ্যার হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলেই চায় বিশ্বে ভারতের নাম উজ্জ্বল হোক। মিশন চন্দ্রযান থ্রির সাফল্যে ধর্মের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল।
জগৎগুরু আচার্য পরমহংস বলেছেন, যে চারটি বেদের স্তোত্রগুলি সাধুরা পাঠ করেছিলেন, সঙ্গে মহামন্ত্র ও বিজয় মন্ত্রও পাঠ করা হয়েছিল। এছাড়া কোরান ও হাদিস তেলাওয়াত করেন ইকবাল ভাই আনসারি। তিনি প্রার্থনা করেছেন, কারণ জাতিই সর্বশ্রেষ্ঠ।
পুজো পদ্ধতি যাই হোক না কেন, চন্দ্রযান থ্রি নিয়ে সাফল্য দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এই ধরণের কাজে খুশি প্রকাশ করা দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য বলেও মনে করেন জগৎগুরু আচার্য পরমহংস।












Click it and Unblock the Notifications