Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর ক্যামেরার ডিজাইন এই বাঙালির, গর্বিত গোটা শহর
ইতিহাস সৃষ্টি করে চন্দ্রযান থ্রি পাড়ি দিয়েছে চাঁদে। শুক্রবার দুপুরে সফল উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানী এবং গোটা ভারতবর্ষ এখন দিন গুণতে শুরু করেছেন কবে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান বিক্রম। তার আগে বাংলার জন্য এক গর্বের খবর, চন্দ্রযান থ্রি-র ক্যামেরা ডিজাইন করেছেন বাংলার অনুজ নন্দী।
চন্দ্রযান থ্রিকে ক্যামেরার ডিজাইন করে ইতিমধ্যেই যিনি পাদপ্রদীপের আলোয় এসেছেন সেই অনুজ নন্দীর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ইসলামপুরে আশ্রম পাড়া এলাকায় শুক্রবার খুশির হাওয়া। তাঁদের পাড়ার ছেলের তৈরি চন্দ্রযানের ক্যামেরা।

সেই ক্যামেরাই চাঁদের মাটি ও মহাকাশের নানা ছবি তুলে পাঠাবে ইসরোতে। তারপর ইসরোর সৌজন্যে তা দেখবে সমগ্র ভারতবাসী। এদিন চন্দ্রযান থ্রি তার লক্ষ্যে যাত্রা শুরু করতেই এই খবর ছড়িয়ে পড়ে ইসলামপুরে। নন্দীর পরিবারেও খুশির হাওয়া। গোটা শহরজুড়ে মানুষ আজ গর্বিত যে তাঁদের পাশের বাড়ির অনুজকে নিয়ে।
অনুজের সাফল্যে খুশি গোটা ইসলামপুর। তাঁর পরিবারের প্রত্যেক সদস্য এদিন অধীর আগ্রহে বসেছিলেন কখন ছাড়বে চন্দ্রযান। তা প্রত্যক্ষ করেছেন সবাই। ইসরোর কর্মী অনুজের মতোই পরিবারের বাকি সদস্যরা বড়ো হতে চায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে মা শোভা নন্দী ছেলের এই সাফল্যে গর্বিত। ভাইপো অনুজ নন্দী, ভ্রাতৃবধূ রিঙ্কু নন্দীরা তাঁকে দেখে অনুপ্রাণিত।

শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরোর চন্দ্রযান ৩ পাড়ি দেয় চাঁদের উদ্দেশে। সব কিছু ঠিকঠাক চললে তা ২৩ অথবা ২৪ অগাস্ট চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান বিক্রম। চাঁদের মাটি ছুঁলে ভারত পৌঁছে যাবে ইতিহাসে।

কেননা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ, যারা পা রাখবে চাঁদের বুকে। চন্দ্রযান ২ ব্যর্থ হয়েছিল। চাঁদের মাটিতে বিক্রম ধ্বংস হয়ে গিয়েছিল। এবার সেই ব্যর্থকতা মুছে নতুন ইতিহাস রচনা করতে চলেছে ইসরো। আর এই ইতিহাসে জুড়ে গিয়েছে বাংলার নামও। বাংলার এক বিজ্ঞানী এই চন্দ্রযান ৩-এর ক্যামেরা ডিজাইন করেছেন।












Click it and Unblock the Notifications