অন্যদের গোপন ভিডিও শেয়ারের জন্য হুমকি, নয়া অভিযোগ উত্তেজনা চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে
অন্যদের গোপন ভিডিও শেয়ারের জন্য হুমকি, নয়া অভিযোগ উত্তেজনা চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় পুলিশ এক ছাত্রী, তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেফতার করেছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির এক বন্ধুকে আটক করেছে। সূত্রের খবর ঘনিষ্ঠ বন্ধু ও অন্য ব্যক্তি ছাত্রীকে হস্টেলের অন্যান্যদের আপত্তিকর ভিডিও পাঠানোর জন্য চাপ দিত। না হলে ওই ছাত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলে অভিযোগ উঠেছে।

ব্ল্যাকমেইলের শিকার অভিযুক্ত ছাত্রী
পুলিশ সূত্রে আগেই জানানো হয়েছিল, অভিযুক্ত ছাত্রী নিজের ভিডিও তাঁর ২৩ বছরের প্রেমিককে পাঠিয়েছিল। সেই ভিডিও নিজেই করেছিলেন বলে জানা যায়। কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে, প্রেমিক সানি মেহতা ও তাঁর ৩২ বছরের বন্ধু রঙ্কজ ভর্মা বার বার ছাত্রীটিকে বাকিদের ব্যক্তিগত ভিডিও পাঠানোর চাপ দিতে থাকেন। না দিতে পারলে ছাত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেবে বলে হুমকি দিতে থাকে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তিন জনের মোবাইল বাজেয়াপ্ত করেছে। তা বর্তমানে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। সোমবার অভিযুক্ত তিনজনকে মোহালি খারর আদালতে তোলা হয়েছে। তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ছুটি ঘোষণা বিশ্ববিদ্যালয়ের
ছাত্রীদের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগে শনিবার রাত থেকে পঞ্জাবের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের শান্ত করার চেষ্টা করেন। তারপরেই পুলিশের দ্বারস্থ হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ছাত্রীদের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার অভিযোগ ভুয়ো। একটি মাত্র ছাত্রীর আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি ছাত্রীটির ব্যক্তিগত ভিডিও। ভিডিওটি ছাত্রী সিমলায় ঘনিষ্ঠ এক বন্ধুকে পাঠিয়েছিল। সেখান থেকেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এই পরিস্থিতিতে ক্যাম্পাস চত্বরে উত্তেজনা অব্যাহত রয়েছে। ২৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অনেক পড়ুয়া বিশ্ববিদ্যালয় ছেড়ে বাড়ির উদ্দেশে রহনা দিয়েছে।
একজনের ভিডিও ফাঁস হয়েছে
অন্যদিকে মোহালির এসএসপি বিবেক সোনি জানিয়েছেন, হস্টেলের একাধিক ছাত্রীর স্নানের ভিডিও ফাঁস হয়নি। শুধুমাত্র অভিযুক্তের স্নানের ভিডিও ফাঁস হয়েছে। জেরায় অভিযুক্ত ছাত্রী জানিয়েছেন, তিনি নিজে শৌচালয়ে মোবাইল নিয়ে গিয়ে সেই ভিডিও করেছেন। অভিযুক্ত ছাত্রী তাঁর বন্ধুকে সেই ভিডিও পাঠান বলে স্বীকার করেছেন।
আত্মহত্যার গুজব ভুয়ো
পড়ুয়ারা বিক্ষোভে অভিযোগ করেন, একাধিক ছাত্রী ভিডিও ভাইরাল হওয়ার জন্য আত্মহত্যার চেষ্টা করেন। যদিও মোহালি পুলিশ বিক্ষোভকারীদের এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভের সময় এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে ক্যাম্পাসে অ্যাম্বুল্যান্স আসে। তারপরেই একাধিক গুজব ছড়িয়ে পড়ে।












Click it and Unblock the Notifications