কেন্দ্রের রিপোর্টেই প্রশংসা গুজরাত মডেলের! ভ্যাবলা কংগ্রেস

মোদী
নয়াদিল্লি, ৮ মে: যে নরেন্দ্র মোদীর 'গুজরাত মডেল' নিয়ে বারবার তোপ দাগে কংগ্রেস, তারই ভূয়সী প্রশংসা করে রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এর জেরে নরেন্দ্র মোদী উল্লসিত হয়েছেন স্বাভাবিকভাবেই। রাহুল গান্ধী এটা পড়েন দেখুন বলে পরামর্শ দিয়েছেন তিনি।

দেশের বিভিন্ন রাজ্যে শিল্পায়নের উদ্দেশ্যে জমি অধিগ্রহণ এখন একটা ইস্যু। অনেক ক্ষেত্রে কৃষক বা জমির মালিকরা ঠিকঠাক দাম পান না বলে অভিযোগ। কখনও বিনা পয়সায় জমি দিয়ে দিতে বাধ্য করা হয়। এ ব্যাপারে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশন (ডিআইপিপি) তাদের তরফে এই সমীক্ষা চালানোর দায়িত্ব দিয়েছিল 'অ্যাকসেনচার'-কে।

বিস্তারিত সমীক্ষার পর 'অ্যাকসেনচার' বলেছে, গুজরাতের জমি নীতি দেশের কাছে মডেল হওয়া উচিত। এখানে শিল্পায়নের জন্য যে জমি নেওয়া হয়, তার দাম ঠিক হয় সমকালীন বাজারদর অনুযায়ী। খেয়াল রাখা হয়, কৃষকরা যেন লাভবান হয়। টাকা দেওয়ার পাশাপাশি জমিদাতাদের পরিবারের অন্তত একজন করে চাকরি পান। গোটা ব্যাপারটি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা হয়। তাই সমস্যা হয় না। দূষণ নিয়ন্ত্রণ তথা পরিবেশ রক্ষায় গুজরাত কতটা ইতিবাচক ভূমিকা পালন করেছে, তাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

আরও বলা হয়েছে, শিল্পায়নের জন্য যা জরুরি, সেই জমি, বিদ্যুৎ, গ্যাস, বন্দর, এয়ারপোর্ট, এসইজেড ইত্যাদি সহজলভ্য গুজরাতে। জমি অধিগ্রহণ থেকে শুরু করে কারখানা চালু হওয়া পর্যন্ত যদি কোনও রকম সমস্যা তৈরি হয়, তা হলে সেই সংক্রান্ত অভিযোগ জানানো যায় অনলাইনে। রাজ্য সরকার তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা নেয়।

'বেস্ট প্র্যাকটিসেস টু ইমপ্রুভ দ্য বিজনেস এনভায়রনমেন্ট অ্যাক্রস স্টেটস অ্যান্ড ইউটিজ ইন ইন্ডিয়া' শীর্ষক এই রিপোর্টকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী বলেছেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কিংবা অরবিন্দ কেজরিওয়াল যাঁরা অভিযোগ করেছেন যে, গুজরাতে কৃষকদের থেকে জোর করে জমি কেড়ে তা জলের দরে দিয়ে দেওয়া হচ্ছে আদানি, টাটা গোষ্ঠীকে, তাঁদের রিপোর্টটা পড়া উচিত। ইউপিএ সরকারের তরফে করা সমীক্ষায় কোনও কংগ্রেস-শাসিত রাজ্য কেন শীর্ষস্থান পেল না, সে ব্যাপারে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "গুজরাতে কৃষকদের থেকে লজেন্সের দরে জমি কিনে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। তাই গুজরাত মডেলকে তিনি বলেছিলেন, টফি মডেল। উনি শুধু টফি, বেলুনের পিছনে দৌড়চ্ছেন। আর ওঁদের সরকারই এখন গুজরাতকে ট্রফি দিল।"

এদিকে, এই রিপোর্টে কংগ্রেস অস্বস্তিতে পড়ে যাওয়ায় পাল্টা যুক্তি দিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী আনন্দ শর্মা। তিনি বলেছেন, "রিপোর্ট আমার মন্ত্রক তৈরি করেনি। এটা অ্যাকসেনচার কোম্পানির রিপোর্ট। ফলে ইউপিএ সরকার গুজরাত মডেলের প্রশংসা করেছে, এটা ঠিক নয়।" কিন্তু আপনার মন্ত্রকের তরফেই তো অ্যাকসেনচার কোম্পানিকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল? তা হলে সেই রিপোর্টকে এখন মান্যতা দেবেন না কেন? অ্যাকসেনচার তো স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্টটি তৈরি করেনি! এই প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+