Earthquake Aftershocks: ফের কাঁপতে পারে পায়ের মাটি! ভূমিকম্পের ‘আফটারশক’ নিয়ে বড় সতর্কবার্তা কেন্দ্রের
Earthquake Aftershocks: সোমবার সাতসকালে কেঁপে উঠেছে দিল্লি (Delhi Earthquake)। রাজধানীতে ভূমিকম্পের ঠিক কয়েক ঘণ্টা পরেই সকালে কেঁপে ওঠে বিহার (Bihar Earthquake)। পরপর দুটি ভূমিকম্পেরই বেশ তীব্রতা ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.০। তবে এখনও রয়েছে কম্পনের আশঙ্কা। উদ্বেগ বাড়াচ্ছে আফটারশকের (Aftershocks Chances) সম্ভাবনা। এমনই সতর্কবার্তা কেন্দ্রের।
দিল্লি ও আশেপাশের এলাকার জন্য সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ফের আফটারশকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী জিতেন্দ্র সিং। আফটারশকের আশঙ্কা থেকে দিল্লিবাসীকে আগাম প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে। গুরুত্বপূর্ণ নথি সরানো থেকে বিভিন্ন আসবাব নিরাপদ স্থানে রাখা-সহ যাবতীয় প্রস্তুতি সেরে রাখার আবেদন জানানো হয়েছে।

এক্স হ্যান্ডেলে মন্ত্রী লেখেন, "ভোর পাঁচটা ছত্রিশে দিল্লি ও তার আশেপাশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, তার পরবর্তী পর্যায়ে ভূবিজ্ঞান মন্ত্রকের আধিকারিকরা নজর রাখছেন। আফটারশকের সম্ভাবনা থেকে সকলকে আগাম প্রস্তুত থাকতে বলা হচ্ছে। তবে ভূবিজ্ঞান মন্ত্রকের তরফে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতি মুহূর্তের আপডেটস দেওয়া হবে।"
প্রসঙ্গত, ভোর ৫টা ৩৬ মিনিটে কেঁপে ওঠে রাজধানী। প্রায় ৫ থেকে ৬ সেকেন্ড ধরে স্থায়ী হয় কম্পন। কম্পনের সঙ্গে জোরালো আওয়াজও হয় বলে দাবি স্থানীয়দের। ভূমিকম্পের উপকেন্দ্র দিল্লির ধৌলাকুঁয়া। রিখটার স্কেলে দিল্লির ভূমিকম্পের মাত্রা ৪.০।
মাটি থেকে ৫ কিমি নিচেই ভূমিকম্পের উৎসস্থল (Earthquake Epicenter)। দিল্লির ধৌলাকুঁয়ায় দুর্গাবাঈ দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছে ভূমিকম্পের উপকেন্দ্র। কম্পনের জেরে এই এলাকায় একটি হ্রদে ঢেউও লক্ষ্য করা গিয়েছে এদিন।
ভূমিকম্পের আফটারশক নিয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, সকলকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
সোমবার সকাল ৮টা ২ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বিহারও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.০। বিহারের সিওয়ান জেলাতে অনুভূত হয় কম্পন। ভূগর্ভস্থে ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications