মুফতির মন্তব্যের বিরোধী কেন্দ্র, সংসদে জানালেন রাজনাথ সিং
নয়াদিল্লি, ২ মার্চ : উপত্যকায় করা বিতর্কিত মন্তব্যের ঢেউ আছড়ে পড়ল সংসদে।
গতকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বিতর্কিত মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদ। জানান, উপত্যকায় ভোটের উপযুক্ত পরিবেশ তৈরি করতে প্রতিবেশী দেশ (পাকিস্তান), হুরিয়ত ও জঙ্গি সংগঠনগুলি সাহায্য করেছে। সেই বক্তব্য নিয়েই আজ উত্তাল হয় সংসদ। বিজেপির অবস্থান জানতে চেয়ে বিরোধীরা সরব হন।

ঘটনার প্রেক্ষিতে এদিন বিজেপি ও সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সরকার কোনওভাবেই একমত নয়।
সরকারের তরফে গতকাল বলা হয়, "সংবিধান যাঁরা মেনে চলেন তাঁদের জন্যই কাশ্মীরে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন ও নিরাপত্তাবাহিনীর কর্মীরাও সে জন্য নিজেদের উজাড় করে দিয়েছেন।" তবে এসব সত্ত্বেও চিড়ে ভেজেনি। এদিন ফের সংসদে বিক্ষোভ দেখান কংগ্রেস সহ বিরোধীরা।
পিডিপি নেতা মুফতির বক্তব্যে গতকাল থেকেই যথেষ্ট বিড়ম্বনা সহ্য করতে হচ্ছে জোটসঙ্গী বিজেপিকে। মুফতির মন্তব্যের প্রেক্ষিতে জোটসঙ্গী বিজেপির কাছে জবাব চান তাঁরা। বিজেপিকে তীব্র কটাক্ষ করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।
এদিন তাই দলের ও সরকারের অবস্থান স্পষ্ট করে জোটসঙ্গীর বক্তব্যের দায় ঝেড়ে ফেলতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে।












Click it and Unblock the Notifications