হাসপাতালে চটজলদি অক্সিজেন পৌঁছতে নয়া রণকৌশল কেন্দ্রের, ১১ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক শেষে কী উঠে এল
হাসপাতালে চটজলদি অক্সিজেন পৌঁছতে নয়া রণকৌশল কেন্দ্রের, ১১ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক শেষে কী উঠে এল
'তাহলে কি দিল্লির মানুষ অক্সিজেন পাবেন না, কারণ দিল্লিতে অক্সিজেন প্ল্যান্ট নেই বলে? যখন দিল্লির উদ্দেশে রওনা হওয়া একটি অক্সিজেন ট্যাঙ্কারকে অন্য রাজ্যে আটকে দেওয়া হয় তখন.. আপনি বলুন কার সাথে কথা বলতে হবে?' প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেই এদিন কার্যত এভাবে বক্তব্য রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন, করোনার জেরে ১১ টি প্রবল বিপর্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মোদী। সেই বৈঠকে ভ্যাকসিন থেকে শুরু করে একাধিক ইস্যুতে আলোচনা হয়।

অক্সিজেন ও কেন্দ্রের রণকৌশল
এদিনের বৈঠকে অক্সিজেন ইস্যুতে জটিলতা কাটাতে নয়া রণকৌশলের আলোচনা হয়। প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, এদিন এক কো অর্ডিনেশন কমিটি সম্পর্কে আলোচনা হয়। যে কমিটি কেন্দ্রের তরফ থেকে অক্সিজেন 'অ্যালট' হলেই প্রয়োজনীয়তা অনুসারে বিভিন্ন হাসপাতালের কাছে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করবে। এর হাত ধরে সারা দেশে অক্সিজেনের চাহিদা অনুযায়ী যোগানে খানিকটা মসৃণতা আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও হাসপাতালগুলি যাতে সুরক্ষিত থাকে, তার ওপর জোর দিয়েছেন মোদী।

মোদীর বার্তা
বিভিন্ন রাজ্যের তরফে এদিন নরেন্দ্র মোদীর কাছে বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রীরা। তারমধ্যে অক্সিজেন সমস্য়া ছিল এদিনের আলোচনার মূল বিষয় । মোদী বলেন, অক্সিজেন দ্রুত সরবরাহ করার জন্য সমস্ক সম্ভাব্য রাস্তা কার্যকরী করা হচ্ছে। যাতে, অক্সিজেন ট্যাঙ্কারের থেকে কম সময়ে অক্সিজেন উপযুক্ত লোকেশনে পাঠানো যায় তার বন্দোবস্ত হচ্ছে। এক্ষেত্রে রেলপথে ইতিমধ্যেই ট্য়াঙ্কার পাঠানো শুরু হয়েছে। ব্যবহার করা হচ্ছে আকাশপথও।

কেন্দ্রের আশ্বাস
এদিকে, কেন্দ্রের তরফে এদিন ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র তাঁদের পাশে রয়েছে। এদিকে রাজ্যের সঙ্গে রাজ্যের যাতে সংঘাত না হয় অক্সিজেন সরবরাহ ইস্যুতে, সেদিকেও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ
এদিকে , আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এই বৈঠকে আমন্ত্রণ করা হয়নি বলে জানান তিনি। তবে , বৈঠকে না থেকেও এদিন অক্সিজেন সরবরাহ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বাংলার ভাগের অক্সিজেন চলে যাচ্ছে যোগী রাজ্য উত্তর প্রদেশে।












Click it and Unblock the Notifications