স্পেকট্রাম বিক্রিতে নিলাম বাধ্যতামূলক! যা ২০১৪-তে বিজেপির জয়ের অন্যতম কারণ, তারই কেস অর্ডারে পরিবর্তনের আবেদন
যে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিকে ২০১৪ সালে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ টু সরকারের পতনের অন্যতম কারণ হিসেবে ধরা হয়, সেই স্পেকট্রাম বিলি নিয়ে সর্বোচ্চ আদালতের রায় পরিবর্তনের জন্য আবেদন করল কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, ২০১২ সালে টুজি স্পেকট্রাম মামলায় সর্বোচ্চ আদালত লাইসেন্স বাতিল করে, স্পেকট্রাম বরাদ্দ করতে নিলামের পথ অবলম্বন করতে নির্দেশ দেয়।

টুজি স্পেকট্রাম নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ
২০১২ সালে দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট তৎকালীন ইউপিএ সরকার যেসব কোম্পানিকে টুজি স্পেকট্রাম দিয়েছিল, তা বাতিল করে। সবমিলিয়ে ১২২ টি লাইসেন্স বাতিল করা হয়। সর্বোচ্চ আদালত বলে প্রাকৃতিক সম্পদ হস্তান্তর করার সময় সরকার নিলামের পদ্ধতি অবলম্বন করতে বাধ্য। তাহলে সব যোগ্যরাই নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
কী করতে চায় মোদী সরকার
সুপ্রিম কোর্টে মোদী সরকার স্পেকট্রাম বরাদ্দ নিয়ে ২০১২ সালের রায়ের সংশোধনের জন্য আবেদন করেছে। সেখানে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে স্পেকট্রাম বরাদ্দের কথা বলা হয়েছে। বলা হয়েছে, প্রযুক্তিগত কিংবা অর্থনৈতিক কারণে যদি নিলাম করা না যায়, তাহলে সেখানে যেন সরকারি কাজ এবং জনস্বার্থের কথা উল্লেখ করা হয়।
জেলে যেতে হয়েছিল মন্ত্রীকে
এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, ইউপিএ টু আমলে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে দেশের একাধিক রাজনৈতিক নেতা তথা মন্ত্রী এবং সরকারি আধিকারিক যুক্ত ছিলেন। সরকারি কোষাগারে ক্ষতি করে স্পেকট্রাম বরাদ্দের অভিযোগ করেছিল সিএজি। ২০০৮ সালে ২০০১ সালের রেটে টুজি বিক্রিতে তৎকালীন মন্ত্রী এ রাজাকে দায়ী করে সিএজি। প্রথম পদত্যাগে অস্বীকার করলেও ২০১০ সালের ১৪ নভেম্বর তিনি পদত্যাগ করেন। এরপর ২০১১ সালের শুরুতেই এ রাজার বাড়িতে অভিযান চালায় সিবিআই। তারপর তাঁকে গ্রেফতার করা হয়।
তৎকালীন মন্ত্রীর দাবি
তৎকালীন ইউপিএ টু সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল ২০১১-তে দাবি করেছিলেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টুজি লাইসেন্স বিতরণের ফলে সরকারের কোষাগারে কোনও ক্ষতি হয়নি। সেই সময় প্রধান বিরোধী বিজেপি অবশ্য এই কেলেঙ্কারির জন্য কংগ্রেসকে দায়ী করে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছিল। এবার তাদের সরকারই সুপ্রিম কোর্টের আদেশের পরিবর্তনের জন্য আবেদন করেছে।












Click it and Unblock the Notifications