জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাসিন্দা না হলেও মিলবে ভোটার অধিকার, কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা বিরোধীদের
জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাসিন্দা না হলেও মিলবে ভোটার অধিকার, কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা বিরোধীদের
জম্মু ও কাশ্মীরের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র শাসিত অঞ্চলটির নির্বাচন কমিশন। জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক হিরদেশ কুমার ঘোষণা করেছেন, কর্মচারী, ছাত্র, শ্রমিক ছাড়াও যাঁরা বাইরে থেকে এসে এখানে বসবাস করছেন, তাঁরা উপত্যকার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন। জম্মু ও কাশ্মীরের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

জম্মু ও কাশ্মীরে নির্বাচনের নয়া ঘোষণা
জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক হিরদেশ কুমার বলেন, বহিরাগতদের ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য বাড়ি থাকার কোনও প্রয়োজন নেই। অন্যান্য রাজ্যের সশস্ত্র বাহিনীর কর্মীরা যাঁরা এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, তাঁরাও নির্বাচনী তালিকায় নাম তুলতে পারবেন। তিনি বলেন, কেন্দ্র শাসিক অঞ্চলটিতে প্রায় ২৫ লক্ষ ভোটার তালিকাভুক্ত হবেন। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের জন্য ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে। এই সংশোধনের কাজ ২ নভেম্বরের মধ্যে শেষ করা হবে। ২০২২ সালের ১ অক্টোবরের বা তার আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরা যোগ্য ভোটার হিসেবে বিবেচিত হবেন। ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তাঁরা। ইতিমধ্যে যোগ্য ভোটারদের নতুন করে তালিকায় নাম তোলার ক্ষেত্রে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের নতুন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করা হবে। তবে এই বিষয়ে নতুন ভোটারদের অনুমতি নেওয়া হবে।

বাইরে থেকে ভোটার আমদানি করছে বিজেপি
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ওমর আব্দুল্লাহ। তিনি বিজেপিকে অ-স্থানীয় ভোটারদের জম্মু ও কাশ্মীরের পিছনের দরজা দিয়ে ঢোকানোর অভিযোগ নিয়ে এসেছেন। টুইটারে তিনি লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরের প্রকৃত ভোটারদের সমর্থনের বিষয়ে বিজেপি একেবারেই নিশ্চিত নন। সেই কারণেই বিজেপিকে অস্থানীয় ভোটারদের আমদানি করতে হচ্ছে ভোটে জেতার জন্য। জম্মু ও কাশ্মীরের ভোটারদের ভোটদানের সুযোগ দেওয়া হলে, তাঁরা কখনই বিজেপিকে ভোট দেবেন না।'

জম্মু ও কাশ্মীরের মানুষ বিজেপিকে সমর্থন করে না
পিডিপি প্রধান মেহবুবা মুফতি এই সিদ্ধান্তের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এই সিদ্ধান্তের আসল কারণ হল, জম্মু ও কাশ্মীরে বিজেপি নিজেদের সমর্থন জোরদার করতে চাইছে। জম্মু ও কাশ্মীরের ফলাফলকে প্রভাবিত করতে চাইছে বিজেপি। সেই কারণেই অ-স্থানীয়দের জম্মু ও কাশ্মীরের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে চাইছে। বিজেপি আসলে স্থানীয়দের ক্ষমতাচ্যুত করতে চাইছে। জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের হাত থেকে অধিকার কেড়ে নিয়ে অস্থানীয়দের ওপর দিতে চাইছে।












Click it and Unblock the Notifications