‘কেন্দ্র আমাদের প্রতারণা করছে’, তিন ভাষা নীতির বিরুদ্ধে ফের মন্তব্য তামিলনাড়ুর অর্থমন্ত্রীর
তামিলনাড়ুর অর্থমন্ত্রী থাঙ্গাম থেন্নারাসু শুক্রবার ডিএমকে সরকারের পঞ্চম বাজেট উপস্থাপন করেছেন। এবারের বাজেটে জাতীয় শিক্ষা নীতির (NEP) বিরুদ্ধে রাজ্যের কঠোর অবস্থান এবং তৃতীয় ভাষার বাধ্যতামূলক বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের সিদ্ধান্ত প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে।
অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে, কেন্দ্রীয় সরকার তিন ভাষার নীতি বাস্তবায়ন না করায় তামিলনাড়ুকে ২,১৫২ কোটি টাকা বরাদ্দ দেয়নি। তবে, সরকারি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার উপর যাতে কোনো প্রভাব না পড়ে, সে জন্য রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ বহন করবে।

মন্ত্রী আরও বলেন, "দ্বিভাষিক নীতিতে আমরা অটল থাকব এবং শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে রাজ্যের অর্থ থেকেই ব্যয় করা হবে"।
মূলত, দ্বিভাষিক নীতির (তামিল ও ইংরেজি) পক্ষে কঠোর অবস্থান নিয়েছে তামিলনাড়ু সরকার। কেন্দ্রের তিন ভাষা নীতির বিরোধিতায় ২,১৫০ কোটি টাকা হারিয়েও পিছিয়ে আসেনি রাজ্য। অর্থমন্ত্রী বলেন, "তামিল সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি তরুণদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ব মঞ্চে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে"।
এদিন বাজেট পেশের সময় তামিলনাড়ুর অর্থমন্ত্রী বলেন, 'সমগ্র শিক্ষা' প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের কল্যাণমূলক প্রকল্প অব্যাহত থাকবে। 'এনুম এঝুথুম থিত্তম' - মৌলিক সাক্ষরতা উন্নয়নে বিশেষ কর্মসূচি সেটিও চলতে থাকবে। প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য পরিবহন ভাতা দেওয়া হবে। উচ্চশিক্ষার জন্য নির্দেশনা এবং শিল্প উৎসবের আয়োজন করা হবে। শিক্ষা সফর এবং স্কুলে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে।
এছাড়াও, চেন্নাই ও কোয়েম্বাটুরে দুটি বিজ্ঞান ও গণিত গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউট (IISc) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR)-এর সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হবে। এই উদ্যোগের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্যখাতে ১৪ বছর বয়সী সকল মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে টিকাদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
একই সাথে প্রাচীন তামিলদের সমুদ্র বাণিজ্যের ঐতিহ্য পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ুর উপকূলে গভীর সমুদ্র প্রত্নতাত্ত্বিক খননের পরিকল্পনা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, ভূমধ্যসাগর, আরব উপদ্বীপ এবং রোমান সাম্রাজ্যের সঙ্গে তামিলদের বাণিজ্যের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ রয়েছে। প্রথম ধাপে কাভেরিপুমপট্টিনম থেকে নাগাপট্টিনম পর্যন্ত গভীর সমুদ্র খনন করা হবে।
মূলত, তামিলনাড়ু সরকার কেন্দ্রের তিন ভাষা নীতির বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান এদিন আরও একবার বিধানসভায় স্পষ্ট করে দেয়। কেন্দ্রের সাহায্য ছাড়াই যে তারা রাজ্যের উন্নতি করবেন তা একপ্রকার স্পষ্ট।












Click it and Unblock the Notifications