আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দুই থেকে বেড়ে হচ্ছে পাঁচ লক্ষ টাকা? জল্পনা তুঙ্গে

নির্দিষ্ট সূত্র উদ্ধৃত করে সিএনএন-আইবিএন জানাচ্ছে, বাজেট অধিবেশনের প্রস্তুতি নিয়ে এখন চরম ব্যস্ত কেন্দ্রীয় সরকার। সাধারণ বাজেটে নাকি সুখবর থাকছে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দু'লক্ষ টাকা থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা করার কথা ভাবছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ ব্যাপারে আয়কর দফতরের মতামত চাওয়া হয়েছে। ২০ জুন নাগাদ তারা তাদের মতামত জানাবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুধু তাই নয়, মানুষ যাতে টাকা ব্যাঙ্কে ফেলে না রেখে বিনিয়োগে উৎসাহিত হন, সেই জন্য স্বাস্থ্য বিমায় প্রিমিয়ামের পরিমাণ আরও পাঁচ হাজার টাকা বাড়ানো হবে বলে খবর। গৃহঋণের ক্ষেত্রেও কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়তে পারে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা সরকার বাড়াতে চাইছে দু'টি কারণে। প্রথমত, তাতে কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে। দ্বিতীয়ত, বিভিন্ন লোভনীয় বিনিয়োগ প্রকল্প চালুর প্রস্তাব থাকবে বাজেটে। ফলে যে টাকা কর ছাড় বাবদ বাঁচবে, যদি বেশি রিটার্নের আশায় মানুষ তা বিভিন্ন খাতে বিনিয়োগ করে, আখেরে লাভবান হবে দেশের অর্থনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্যক্তিগতভাবে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর পক্ষে।
রেল বাজেটে ভাড়া বাড়ছে বলেই ইঙ্গিত মিলেছে। তবে সেটা বাড়বে এসি ফার্স্ট ক্লাস, এটি টু-টিয়ার এবং এসি থ্রি-টিয়ারে। স্লিপার ক্লাস ও সাধারণ শ্রেণীতে ভাড়া বাড়াতে ইচ্ছুক নন প্রধানমন্ত্রী। পাশাপাশি, বাড়তে পারে পণ্যমাশুলও।
এ বারের বাজেটে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে পারে সরকার বা চলতি জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে। কৃষি, নারী সুরক্ষা ইত্যাদি খাতে বরাদ্দ বাড়ছে বলে খবর।












Click it and Unblock the Notifications