চাপে পড়ে সিদ্ধান্ত বদল কেন্দ্রীয় সরকারের, সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন তৃণমূল সাংসদ
সোশ্যাল মিডিয়া হাব তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল বলেন, সরকার এ সংক্রান্ত নীতির সম্পূর্ণ পর্যালোচনা করবে।
সোশ্যাল মিডিয়া হাব গড়ার পরিকল্পনা থেকে সরে এল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রীম কোর্টে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল জানান, সরকার এই বিষয়ের বিজ্ঞপ্তি তুলে নিচ্ছে এবং এই বিষয়ে গৃহীত নীতির সম্পূর্ণ পর্যালোচনা করা হবে। এর আগে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের অভিয়োগের ভিত্তিতে এই বিষয় নিয়ে মামলা শুরু করেছিল সুপ্রিম কোর্ট। আদালত সরকারের এই সিদ্ধান্তের সমালোচনাই করেছিল।

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক অনলাইন ডাটা পর্যবেক্ষণের জন্য সোশ্যাল মিডিয়া হাব স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, এভাবে সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ বার্তা ট্যাপ করতে চাইছে। এব্যাপারে সরকার পক্ষকে দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিন সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার আদালতে জানাল আগের সিদ্ধান্ত থেকে তারা সরে আসছে। অথচ আগামী ২০ আগস্ট ওই সোশ্যাল মিডিয়া হাব গড়ার সফটওয়্যার জোগানের জন্য টেন্ডার ডেকেছিল কেন্দ্রীয় সরকার। এর আগে এই প্রসঙ্গে মোদী সরকারের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্টবলেছিল, এটা হলে ভারত একটি একটি 'নজরদারি রাষ্ট্র'-এ পরিণত হবে।
মহুয়া মৈত্রের অভিযোগ ছিল, সরকার এই হাব গড়ে নাগরিকদের সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ডের উপর নজরদারি করতে চাইছে। যাঁরাই কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করবে, তাদের উপরই চলবে '৩৬০ ডিগ্রি'র নজরদারি। যা সংবিধান প্রদত্ত গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ বলে অভিযোগ করেছিলেন মহুয়া।
অপরদিকে সরকারে যুক্তি ছিল, এভাবে তারা বিভিন্ন সরকারি প্রকল্পগুলিকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে, সেগুলি নিয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গী কি তা বুঝতে পারবে। পাশাপাশি সোশাল মিডিয়ার মারফত নাগরিকদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটানো হবে এবং বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে পারে এরকম পোস্টগুলির মোকাবিলা করতে পারবে।
কিন্তু, বিভিন্ন ক্ষেত্র থেকে, সর্বোপরি শীর্ষ আদালতের তীব্র সমালোচনার পর সোশ্যাল মিডিয়া হাব গড়ার পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হল সরকার।












Click it and Unblock the Notifications