কাশ্মীরে ফের চালু হচ্ছে ৪জি ইন্টারনেট পরিষেবা! নয়া লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হতেই বড় সিদ্ধান্ত
মে মাসেই কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করার ব্যপারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। তার প্রেক্ষিতেই এবার কেন্দ্রের তরফে জানানো হল যে ১৫ অগাস্টের পরে পরীক্ষামূলক ভাবে জম্মু অঞ্চলের একটি জেলায় ও কাশ্মীরের একটি জেলায় ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।

৩৭০ ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ
প্রসঙ্গত, ২০১৯-এর ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে। তারপর ধাপে ধাপে লো স্পিড ইন্টারনেট চালু করা হয় কাশ্মীর উপত্যকায়। তারপর থেকে এখনও পর্যন্ত ৪জি ইন্টারনেট পরিষেবা পায়নি কাশ্মীরবাসী।

জানুয়ারিতে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হয় কাশ্মীরে
এর আগে ২৫ জানুয়ারি জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। তবে সেক্ষেত্রে জারি ছিল বেশ কিছু বিধি নিষেধ। শুধুমাত্র শ্বেত তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির মধ্যে ইন্টারনেট ব্যবহার সীমাবদ্ধ থাকার কথা জানানো হয়। তবে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের বিষয়ে বিধি নিষেধ জারি ছিল। এরপরও অবশ্য় দফায় দফায় ইন্টারনেট পরিষেবা চালু ও বন্ধ করা হয় উপত্যকায়।

সীমান্ত এলাকায় এখনই ইন্টারনেট নয়
এদিকে পরীক্ষামূলক ভাবে ৪জি দুটি জেলায় ফিরলেও সীমান্ত এলাকা বা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কোনও অঞ্চলে এই ইন্টারনেট পরিষেবা এখনই চালু করা হবে না। মূলত যে অঞ্চলগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্রতা কম, সেগুলিতেই ৪ জি পরিষেবা ফের চালুর অনুমতি দেওয়া হবে। সরকার আগামী ২ মাস পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

নয়া লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হতেই বড় সিদ্ধান্ত
গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয় মনোজ সিনহাকে। ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে ইস্তফা দেন গিরিশচন্দ্র মুর্মু। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এরপর সেই পদে নিয়োগ করা হয় মনোজ সিনহাকে। আর রাজ্যপাল বদল হতেই কাশ্মীরকে আরও স্বাভাবিক অবস্থায় ফেরানোর তাগিদ দেখা গেল কেন্দ্রের তরফে।

১৫ অগাস্টের আগে জঙ্গি তৎপরতা
গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে। এহেন পরিস্থিতিতে সরকারকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলেই মত বিশেষজ্ঞদের।

কাশ্মীরে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা বন্ধ এক বছরের বেশি
জম্মু ও কাশ্মীরে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এক বছরেরও বেশি সময় ধরে স্থগিত রাখা হয়েছে। গত বছরের অগাস্টে যখন কেন্দ্র জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে তার বিশেষ মর্যাদা রদ করে এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করে তখন থেকেই বন্ধ রয়েছে ৪ জি পরিষেবা। তারপরেই নিরাপত্তা ও অশান্তি এড়ানোর যুক্তিতে তখন থেকেই সেখানে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সহ নানা নানা নিষেধাজ্ঞা জারি করা হয়। আটক করা হয় রাজনৈতিক নেতাদের।












Click it and Unblock the Notifications