প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নিয়ে নির্দেশিকা কেন্দ্রের! 'বিপাকে' গুজরাত-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য
দেশে এমন ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অ়ঞ্চল রয়েছে, যেখানে ছয় বছরের নিচে প্রথম শ্রেণিতে ভর্তির অনুমতি দেওয়া হয়।
সারা দেশে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স হতে হবে ৬ বছর। এদিন কেন্দ্রের এক নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। এব্যাপারে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও নির্দেশ পাঠানো হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে ৫ প্লাস হিসেবে প্রথম শ্রেণিতে যে ভর্তির সুযোগ ছিল, এই নির্দেশিকার পরে তা আর থাকবে না।

জাতীয় শিক্ষা নীতিতে উল্লেখ
জাতীয় শিক্ষা নীতি অনুসারে ফাউন্ডেশন স্টেজে শিশুদের (৩ থেকে ৮ বছর) শেখার সুযোগ রয়েছে ৫ বছর। এর মধ্যে তিনবছর প্রিস্কুল এবং এর পরে প্রথম ও দ্বিতীয় শ্রেণি। এক সরকারি আধিকারিক বলেছেন, জাতীয় শিক্ষা নীতিতে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিশুদের বিরামহীন শিক্ষা কীভাবে করা হবে তার কথা বলা হয়েছে। এই নীতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি বা সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি এবং এনজিও চালিত স্কুলগুলিতে শিশুদের জন্য তিন বছরের প্রিস্কুল শিক্ষা নিশ্চিত করা যেতে পারে বলেই মনে করছে সরকার। সাধারণভাবে প্রিস্কুল শিক্ষা এরাই দিয়ে থাকে।
ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, শিক্ষামন্ত্রক রাজ্য সরকার এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে বয়সের ব্যাপারে এক জায়গায় নিয়ে আসতে ছয়বছর কিংবা তার বেশি বয়সে প্রথম শ্রেণিতে ভর্তির ব্যাপারে নির্দেশ দিয়েছে।

যেসব রাজ্যে ছয়-এর নিচে প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ ছিল
এব্যাপারে উল্লেখ করা যেতে পারে দেশের ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শিশুদের বয়স ছয়বছর না হলেও, তাদেরকে প্রথম শ্রেণিতে ভর্তির অনুমতি দেওয়া হয়। রাজ্যগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাট, অসম, পুদুচেরি, তেলেঙ্গানা এবং লাদাখ। যেখানে পাঁচ বছর হলেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারে। অন্যদিকে দিল্লি, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, গোয়া, ঝাড়খণ্ড, কর্নাটক এবং কেরলে প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ৫ বছর প্লাস।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার অসুবিধা
বয়সের হেরফেরের কারণে পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয় একেক রাজ্যে একেকরকমের ভর্তির বয়স থাকায়।

কেন্দ্রীয় বিদ্যালয়ে আগেই নিয়ম চালু
এর আগে ২০২২-এ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের স্কুলগুলিতে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ন্যূনতম ছয়বছর করা হয়। যা নিয়ে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলাও হয়। যদিও আদালত সরকারি সিদ্ধান্তই বহাল রাখে।












Click it and Unblock the Notifications