প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্স স্বৈরাচারী! সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত কেজরিওয়ালের
সুপ্রিম কোর্ট দিল্লির প্রশাসনিক ক্ষমতা অরবিন্দ কেজরিওয়াল সরকারের হাতে রাখার নির্দেশ দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার বিষয়টির বিরোধিতা করে অর্ডিন্যান্স জারি করেছে। যা নিয়ে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি কেন্দ্রের সিদ্ধান্তকে স্বৈরতান্ত্রিক বলেছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সকে অসততা ও বিশ্বাসঘাতক কাজ বলেও মন্তব্য করেছেন। কেজরিওয়াল কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার গ্রীষ্মণের ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ হওয়ার অপেক্ষায় ছিল। তিনি বলেছেন, কেন্দ্র জানে এ নিয়ে মামলা করলে তা আদালতে ৫ মিনিট দাঁড়াবে না।

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ১ জুলাই সুপ্রিম কোর্ট খুললে তারা এই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করবেন। তিনি বলেছেন, কেন্দ্রের এই অর্ডিন্যান্স অবৈধ। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট রায় দেয় চাকরিরত সব আমলার পোস্টিং ও বদলি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে দিল্লির সরকার। তারপরেই কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে সেই ক্ষমতা উপরাজ্যপালের হাতে দেয়।
অর্ডিন্যান্স জারি করতে গিয়ে কেন্দ্রীয় সরকার বলেন, স্থানীয় ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের স্বার্থে এই কাজ করা হয়েছে। এক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যে কোনও বিষয় নিয়ে উপরাজ্যপালের কাছে সুপারিশ করবেন। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপালই।

এর আগে দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রের অর্ডিন্যান্স সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। সেটাই গণতন্ত্র।
এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, ক্ষমতায় আসার পর থেকেই দিল্লির আপ সরকারের সঙ্গে সেখানকার উপরাজ্যপালের নানা বিষয়ে মতবিরোধী লেগেই রয়েছে। বিভিন্ন সময়ে আপ সরকারের মন্ত্রীরা দিল্লির উপরাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। তা নিয়ে সুপ্রিম কোর্টে রায়ে দিল্লি সরকারের জয় হয়। তবে তারপরে কেন্দ্র বিষয়টি নিয়ে অর্ডিন্যান্স জারি করে।












Click it and Unblock the Notifications