ড্রোনকে হাতিয়ার করেই টিকাকরণে আসবে গতি, আইসিএমআরকে বিশেষ অনুমতি কেন্দ্রের
ড্রোনকে হাতিয়ার করেই টিকাকরণে আসবে গতি, আইসিএমআরকে বিশেষ অনুমতি কেন্দ্রের
রোজই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনকী গত ২৪ ঘণ্টায় গোটা দেশে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এমনকী গোটা বিশ্বের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের নিরিখে যা সর্বোচ্চ রেকর্ড বলে জানা যাচ্ছে। এদিকে করোনাকে বাগে আনতে আগামী ১ মে থেকে ১৮ বছরের উর্ধে সকল নাগরিককে করোনা টিকা দেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

এবার সেই কাজে গতি আনতে আইসিএমআরকে ড্রোনের সাহায্যে ভ্যাকসিন সরবরাহের অনুমোদন দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে অসামরিক এই বিমান পরিবহন মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতে মতো জনবহুল দেশে দ্রুত টিকাকরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। সেই লক্ষ্যেই আইসিএমআর-কে ড্রোন নিয়ে বিস্তর গবেষণা এবং এই পদ্ধতিকে হাতিয়ার করে কীভাবে ভ্যাকসিন সরবরাহের কাজ করা যাবে তা নিয়ে রিসার্চের অনুমতি দেওয়া হল বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটির সঙ্গে যৌথ উদ্যোগে এই বিষয়ে গবেষণা চালাবে আইসিএমআর-এর বিশেষজ্ঞ দল। তবে মাত্র এক বছরের জন্য ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে এই ড্রোন ব্যবহারের অনুমোদন দিয়েছে মন্ত্রক। তবে প্রয়োজন অনুসারে বাস্তবতা বিচার করে সেই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে গোটা দেশে জোরকদমে চলছে টিকাকরণের কাজ। গত এক সপ্তাহে গোটা দেশে ২ কোটি ভ্যাকসিন নিয়েছেন মানুষ। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে ১৩ কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।












Click it and Unblock the Notifications