নীরব মোদীকাণ্ডে নাম জড়াচ্ছে আম্বানি পরিবারের এক সদস্যের, সিল পিএনবি-র একটি শাখা
হীরে ব্যবসায়ী নীরব মোদীকে নিয়ে জোরকদমে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই মুম্বইয়ের ব্র্যাডি হাউসের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা সিল করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
হীরে ব্যবসায়ী নীরব মোদীকে নিয়ে জোরকদমে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই মুম্বইয়ের ব্র্যাডি হাউসের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা সিল করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এই শাখাতেই আর্থিক জালিয়াতি শুরু করেন নীরব মোদী। ১১, ৪০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে জড়িতে নীরব মোদীকে বেঁধে ফেলার ফাঁস আরও পোক্ত করতে নীরব ঘনিষ্ঠ একাধিক জনের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই।

এপর্যন্ত সিবিআই ১১ জন ব্যাঙ্ক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে নীরব মোদীর সংস্থা 'ফায়ারস্টার' অর্থ বিষয়ক প্রধান আধিকারিক বিপুল আম্বানিকেও। এদিকে, বিপুল ও আরও ৮ জন নীরব মোদী ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে। উল্লেখ্য, এই বিপুল আম্বানি , মুকেশ আম্বানির আত্মীয়। রিলায়েন্সের প্রয়াত কর্ণধার ধীরুভাই আম্বানির ভাই নউতুভাই আম্বানির ছেলে বিপুল। এই বিপুলকেই সমস্ত রকমের নথি নিয়ে ডেকে পাঠিয়েছে সিবিআই।
এছাড়াও সমস্ত ব্যাঙ্কগুলিকে সিবিআই লেটার অফ আন্ডারটেকিং(এলওইউ) সংক্রান্ত কোনও অবৈধতা থাকলে , তা জানাতে বলেছে। নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোস্কির সংস্থার জালিয়াতি সংক্রান্ত নানা তথ্য পেতে মরিয়া সিবিআই। এর আগে , এই গোটা জালিয়াতির নেপথ্য নায়ক তথা ব্যাঙ্ক কর্মী গোকুল শেট্টিকে জেরা করে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে।












Click it and Unblock the Notifications