পাটনায় লালু প্রসাদ যাদবের বাড়িতে CBI হানা, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতেও চলছে তল্লাশি
বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই
ফের বিরোধী শিবিরে সিবিআই হানা। এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। সোমবার সকালে পাটনায় লালু প্রসাদ যাদবের বাড়িতে পৌঁছয় সিবিআই অফিসারদের দল। তাঁরা বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না আবার বাড়ি থেকে কাউকে বেরোতেও দিচ্ছেন না। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।

লালুর বাড়িতে সিবিআই হানা
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর বাড়িতে হঠাৎই তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। লালু প্রসাদ যাদবের পাটনার বাড়িতে সোমবার সকালে হানা দেন তদন্তকারীরা। চাকরির বদলে জমি দুর্নীতি কাণ্ডের তদন্তেই সিবিআইয়ের এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। রাবড়ি দেবী রয়েছেন বাড়িতে। লালু প্রসাদ যাদবেরও থাকার কথা। কয়েকদিন আগেই তিনি চিকিৎসা করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখান চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন বলে খবর। হোলির আগে তিনি বাড়িতেই থাকবেন বলে মনে করা হচ্ছে।

কোন মামলার তদন্ত
সকালে হঠাৎ করে সিবিআই হানার ঘটনায় বিহারের রাজনৈতিক মহলে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। জমির পরিবর্তে চাকরি দুর্নীতি কাণ্ডের তদন্তেই সিবিআই তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। এদিকে এই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট গত ২৭ ফেব্রুয়ারি সমন পাঠিয়েছিল রাবড়ি দেবী এবং লালু প্রসাদ যাদবকে। সেই সঙ্গে আরও ১৪ জনকে সমন পাঠানো হয়েছিল। সোমবারেই সিবিআইয়ের তরফে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তারপরেই আদালতের বিচারক গীতাঞ্জলি গোয়েল আগামী ১৫ মার্চ ফের অভিযুক্তদের হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে।

চার্জশিটে লালু—রাবড়ির নাম
সিবিআই এই মামলার চার্জশিট গতবছর অক্টোবর মাসে ফাইল করেছিল। তাতে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, মিশা ভারতী সহ ১৩ জনের নাম দেওয়া হয়েছিল। তাতে অভিযোগ করা হয়েছে রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে জমি আদায় করেছিলেন তাঁরা। এবং একেবারে ন্যূনতম দামে সেই জমিগুলি কিনে নেওয়া হয়েছিল সরকারি চাকরি দেওয়ার পরিবর্তে। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এই ঘটনাগুলি ঘটেছিল। যখন রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব।

মোদীকে চিঠি
এদিকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে গতকালই দেশের ৯ রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। তাতে তেজস্বী যাদব, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালও ছিলেন। সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলিও এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে। তারপরের দিনই আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বাড়িতে সিবিআই হানার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ছবি সৌ:PTI












Click it and Unblock the Notifications