ঠান্ডার শিলঙে আজ রাজীব জেরার উত্তাপ, ২৫টি প্রশ্ন নিয়ে তৈরি সিবিআই
আর কিছুক্ষণের মধ্যেই শিলঙে আজ মহাজেরা। সারদাকাণ্ডে আজ শিলঙে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করবে সিবিআই।
আর কিছুক্ষণের মধ্যেই শিলঙে আজ মহাজেরা। সারদাকাণ্ডে আজ শিলঙে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করবে সিবিআই। এই জেরার জন্য তৈরি করে ফেলা হয়েছে ২৫টি প্রশ্নের সম্ভার। যার মধ্যে থাকছে সব চোখা চোখা প্রশ্ন। সারদা চিটফান্ডের তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সিট তৈরি করেছিল তাঁর প্রধান ছিলেন রাজীব কুমার। সিবিআই-এর অভিযোগ চতুরতার সঙ্গে তদন্তে রাজীব কুমার চিটফান্ড তদন্তের সমস্ত প্রমাণ নষ্ট করেছিলেন। যদিও, রাজীব কুমার এর আগেই জানিয়ে দিয়েছেন এই অভিযোগের কোনও সারবত্তা নেই।

এই হাইপ্রোফাইল জেরায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিলঙের অকল্যান্ড প্লেসের সিবিআই দফতর। এই দফতরেই রাজীব কুমারকে জেরা করবেন সিবিআই-এর ১৫ জনের একটি দল। এই দলেই আছেন সারদাকাণ্ডের তদন্তে প্রথম থেকে জড়িত থাকা ফণীভূষণ করণ। আপাতত তিনি অবসর নিলেও এই হাইপ্রোফাইল জেরায় ফণিভূষণ করণ-কে শিলঙে নিয়ে গিয়েছে সিবিআই। রাজীব কুমারকে জেরা করার ক্ষেত্রে ফণিভূষণ যে গুরুত্বপূর্ণ একটা হাতিয়া তা জানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণেই রাজীব কুমারকে জেরা করতে যে প্রশ্নমালা তৈরি করা হয়েছে তাতে ফণিভূষণের সাহায্য নেওয়া হয়েছে।
গতাকালই শিলঙে পৌঁছেছেন রাজীব কুমার। তাঁর সঙ্গে শিলঙে গিয়েছে কলকাতা পুলিশের আরও দুই অফিসার। এরা হলেন জাভেদ শামিম ও মুরলিধর শর্মা। সিবিআই-এর জেরা নিয়ে ৩ ফেব্রুয়ারি উত্তেজনা ছড়ায়। সন্ধ্যাবেলায় কলকাতায় লাউডাউন স্ট্রিটে পুলিশ কমিশনারের সরকারি বাসভবনের সামনে হাজির হয়েছিল সিবিআই-এর ২৩ জনের একটি দল। তারা সিক্রেট অপারেশন এসেছেন বলে কলকাতা পুলিশকে জানায় সিবিআই দলটি। পরে সিবিআই ও কলকাতা পুলিশের দলটির মধ্যে ধস্তাধস্তি ও বচসা হয়। সিবিআই দলটিকে কলকাতা পুলিশের অফিসার ও কর্মীরা শেক্সপিয়ার সরণি থানায় নিয়ে যান। অভূতপূর্ব তৎপরতায় কলকাতা ও সল্টলেকে সিবিআই-এর দুটি দফতর ঘিরে ফেলে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের সঙ্গে বৈঠক করে মেট্রো চ্যানেলে গিয়ে ধরনায় বসে পড়েন। যার জেরে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে ওঠে। ভোটের আগে সিবিআই-এর অতি সক্রিয়তা নিয়ে দেশ জুড়ে বিরোধী রাজনৈতিক নেতারা বিজেপি ও নরেন্দ্র মোদীকে তোপ দাগে। শেষমেশ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় রাজীব কুমারকে সিবিআই-এর সামনে হাজির হতেই হবে, তবে তাঁকে জেরা করা যাবে না। এই রায়কে স্বাগত জানিয়ে ৫ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা তুলে নেন। এরপর থেকেই সিবিআই রাজীব কুমারকে জেরার প্রস্তুতি নিচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজীব কুমারকে ৯ তারিখে জেরার জন্য শিলঙে রাজীব কুমারকে ডেকে পাঠায় সিবিআই।












Click it and Unblock the Notifications